বুধবার ৪ নভেম্বর ২০২৬

ডিবি পরিচয়ে ঢাকায় নির্বাহী প্রকৌশলীকে অপহরণ

DBঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র পোশাক পড়ে একদল অস্ত্রধারী মানুষ ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে একজন নির্বাহী প্রকৌশলীকে তুলে নিয়ে গেছে। মঙ্গলবার ২৩ জুন বিকেল এই ঘটনা ঘটলেও পুলিশ বলছে তারা এই ধরনের কোনো ঘটনার কথা জানেন না।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আবদুল আলীমের ছেলে ফিরোজ মোহাম্মদ তমাল ইস্কাটকের ফাইবার অ্যাট হোম নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী। গত কিছুদিন হলো তার কাছে অজ্ঞাত ব্যক্তিরা চাঁদা দাবি করে আসছিল। গত দুই সপ্তাহ থেকে তিনি ছুটি নিয়ে বাসাতেই অবস্থান করছিলেন। এরই মধ্যে মঙ্গলবার বিকেল এই ঘটনা ঘটলো।

ঘটনার শিকার হওয়া ব্যক্তির বাবা আব্দুল আলীম বলেন, বেলা সাড়ে তিনটার দিকে সাত আটজন লোক ডিবি পরিচয়ে তাদের মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের বাসায় ঢোকেন। বাসায় ঢুকে তারা তার ছেলে ফিরোজকে বলেন, তার কাছে তিনটি অস্ত্র আছে। তাই তাকে তাদের সঙ্গে যেতে হবে। এর পর ওই লোকেরা পুরো বাসা তল্লাশির নামে তছনছ করেন। একপর্যায়ে ফিরোজের ল্যাপটপ, মুঠোফোন এবং তার মা ও ছোট ভাইয়ের মুঠোফোন নিয়ে নেন তারা। পরে ওই লোকেরা ফিরোজকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

এরপর থানা পুলিশসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে ফিরোজের কোনো হদিস মেলেনি। তবে এ ঘটনায় ফিরোজের পরিবার মঙ্গলবার রাত দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা করেনি।

আব্দুল আলীম বলেন, ওই লোকেরা বাসায় ঢোকার পর ডিবি লেখা পোশাকও পরেন। প্রত্যেকের হাতেই অস্ত্র ছিল। ফিরোজের কাছে অস্ত্র থাকার কথা বললেও বাসায় কোনো কিছুই পাওয়া যায়নি। কী কারণে, কী অভিযোগে কারা তাকে ধরে নিয়ে গেল কোনো কিছুই বুঝতে পারছেন না তিনি।

এই ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম ডিবি কর্মকর্তারা ফিরোজ নামের কাউকে আটক করেনি।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন