বুধবার ৪ নভেম্বর ২০২৬

বানোয়াট হামলার সেই সুধীরের নিরাপত্তায় ৩ পুলিশ

Sudhir-Mirpur_21-06-2015ঢাকায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে ভারতীয় নাগরিক ও টিম ইন্ডিয়ার সমর্থক সুধীর গৌতমের হামলা নাটকের পর তার নিরাপত্তায় তিন জন পুলিশ কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। মিরপুরের গ্র্যান্ড প্রিন্স হোটেলের যে কক্ষে গৌতম আছেন, তার এক রুম পরেই তারা থাকছেন বলে জানান এই পুলিশ সদস্য। সুধীর গৌতম নিরাপত্তার জন্য পুলিশের কাছে কোনো সহযোগিতা না চাইলেও তার ওপর ‘হামলার’ খবর নিয়ে আলোচনার প্রেক্ষাপটে  এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন ঢাকা আসেন সুধীর। তিনি যে হোটেলে উঠেছেন সেখানে কয়েকজন ভারতীয় সাংবাদিকও অবস্থান করছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা সুরুজ উদ্দিন বলেন, “যতদিন তার নিরাপত্তার জন্য পাশে থাকা দরকার মনে হবে ততদিনই পুলিশ তার পাশে থাকবে।”

রবিবার বিকেলই আসলে তার জন্য এই পুলিশের ব্যবস্থা করে বাংলাদেশের প্রশাসন। মিরপুর থানার উপপরিদর্শক সুরুজ উদ্দিন বুধবার বলেন, “রোববার রাত থেকে আমি, কনস্টেবল নুরুন্নবী ও আবদুল মোমেন সারাক্ষণ সুধীর গৌতমের পাশে আছি।”

সুধীর গৌতমকে দেখে মানুষ ‘উৎসাহী হয়’ মন্তব্য করে এসআই সুরুজ বলেন, “তার ব্যতিক্রমী পোশাক ও আচরণের কারণে তিনি যেখানে যান সেখানেই উৎসুক জনতা ভিড় করে। তাকে যেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে না হয় সেজন্য মিরপুর থানা নিজেদের উদ্যোগে তার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।”

গত রোববার রাতে ভারত-বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে শেষে মিরপুরের শের-ই বাংলা  স্টেডিয়ামের গেইটের কাছে সুধীর গৌতমের উপর ‘হামলা’ হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম ফলাও করে খবর প্রচার হয়, যদিও অনুসন্ধানে তার সত্যতা পাওয়া যায়নি।

ওই ম্যাচে ভারতকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। গ্যালারিভরতি টাইগার সমর্থকদের উল্লাসধ্বনির মধ্যে ভারতীয় সমর্থক সুধীরও খেলা দেখেছিলেন।

মুখ ও শরীরে ভারতের পতাকা এঁকে খেলা দেখতে যাওয়া সুধীর বের হওয়ার পর টাইগার সমর্থকদের তোপে পড়েন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।

তবে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সুধীরের উপর শারীরিক আক্রমনের কোনো ঘটনা দেখা যায়নি। খেলা শেষে রাত পৌনে ১২টার পরপরই গেইট দিয়ে বের হওয়ার সময় বাংলাদেশের সমর্থকরা সবাই সুধীর গৌতমকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ বলছিল। ‘মওকা-মওকা’ বলেও টিটকারি করছিলেন কয়েকজন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন