বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুস্তাফিজের নয়া বিশ্বরেকর্ড

Mustafij-ODI-3জীবনের প্রথম ম্যাচ থেকেই রেকর্ড গড়ে চলেছেন মুস্তাফিজুর রহমান। ১৯ বছর বয়সী এই বোলার অভিষেকে ৫ আর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নিয়ে গড়েছিলেন প্রথম ২ ম্যাচে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড। তৃতীয় ওয়ানডের শুরুতেই রোহিত শর্মাকে আউট করে চলে গেলেন নতুন উচ্চতায়; ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকার শীর্ষে!

ক্যারিয়ারের প্রথম ৩ ম্যাচে ১১ উইকেটের রেকর্ড ছিল চারজন বোলারের। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মার উইকেট নিয়েই মুস্তাফিজ ছাড়িয়ে গেছেন সবাইকে। পরে আরও একটি উইকেট নিয়ে রেকর্ডটি পোক্ত করেছেন মুস্তাফিজ। নিজের শেষ ওভারে বোল্ড করেছেন সুরেশ রায়নাকে। আর এই উইকেট মুস্তাফিজকে এনে দিয়েছে আরেকটি বিশ্বরেকর্ড, ৩ ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট!

এই সিরিজে ৩ ম্যাচে ১৩ উইকেট নিলেন মুস্তাফিজ। আগের রেকর্ডটি ছিল বাংলাদেশের বিপক্ষেই! ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রতিটিতেই ৪ উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান পেসার ভ্যাসবার্ট ড্রেকস, মোট উইকেট ছিল ১২টি।

এক সিরিজের ৩ ম্যাচে ১৩ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিসও। তবে সেটি ছিল পাঁচ ম্যাচের সিরিজ। ৩ ম্যাচ সিরিজের বিশ্বরেকর্ড তাই মুস্তাফিজেরই।

বাংলাদেশের হয়ে ৩ ম্যাচ সিরিজে আগের সেরা ছিল মাশরাফি বিন মুর্তজার ১২ উইকেট, ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে।

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন