বুধবার ৪ নভেম্বর ২০২৬

অর্থনৈতিক সংস্কার: ২৯ জুন পর্যস্ত সময় পেল গ্রিস

greeceঋণদাতাদের কাছে প্রতিশ্রুত অর্থনৈতিক সংস্কার অনুমোদনে গ্রিসের পার্লামেন্টের হাতে সময় আছে আগামী সোমবার পর্যন্ত। তবে ব্রাসেলসে অনুষ্ঠিত এক সম্মেলনে গ্রিসের পক্ষ থেকে নতুন একটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী সিপরাস। বৃহস্পতিবার ২৫ জুন এ পরিকল্পনা ইউরোজোনের নেতাদের সামনে পেশ করা হবে। তবে এরই মধ্যে নতুন এ প্রস্তাব ও বার্লিনের হুমকির কারণে পার্লামেন্টে নিজেদের মাঝে বড় ধরনের বিতর্কের প্রস্তুতি নিতে শুরু করেছে গ্রিস কর্তৃপক্ষ।
ফলে বিতর্কিত এ ইস্যু নিয়ে নিজ দেশে সমর্থন আদায়ে বড় ধরনের চাপে পড়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাস। এ প্রতিশ্রুতিগুলোর পূর্ণ ও অতিসত্বর বাস্তবায়ন চেয়েছে বার্লিন। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা স্বীকার করেছেন, এ নিয়ে সমঝোতা হলেও ৩০ জুন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১ দশমিক ৫ বিলিয়ন ইউরোর ঋণের কিস্তি পরিশোধে গ্রিসকে কোনো ছাড় নাও দেয়া হতে পারে।

বিষয়টির সঙ্গে সম্পৃক্তরা জানান, বামপন্থী সিরিজা পার্টি গ্রিসের সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে ঋণ আলোচনায় চলমান অচলাবস্থা নিয়ে ত্যক্তবিরক্ত হয়ে বার্লিন এখন প্রতিশ্রুতি পূরণে গ্রিসের সক্ষমতার ওপর আস্থা হারিয়েছে। তাই জার্মানির কর্মকর্তারা চাচ্ছেন,

বেইলআউট কর্মসূচি অনুমোদন করার আগেই তাদের শর্তাবলি গ্রিসের পার্লামেন্টে অনুমোদন হতে হবে।

সিরিজা পার্টির বেশকিছু সদস্য এরই মধ্যে এ প্রস্তাবের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে বিদ্রোহের হুমকি দিয়েছেন। অন্যদিকে এ প্রস্তাবের বিরোধিতা করে গত মঙ্গলবার এথেন্সের রাস্তায় বিক্ষোভ করেছেন হাজারো পেনশনধারী। গ্রিস সরকারের একজন প্রতিনিধি স্বীকার করেছেন, সংস্কারের পক্ষে পার্লামেন্টে কোনো মতৈক্য সৃষ্টি না হলে সিপরাস পদত্যাগ করতে বাধ্য হতে পারেন।

ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউরোশিয়া গ্রুপের শীর্ষস্থানীয় গবেষক মুজতাবা আহমেদ বলেন, ‘আগামী সপ্তাহে এ নিয়ে ভোটগ্রহণ করতে বাধ্য করা হলে এ সংস্কারের পক্ষে অভ্যন্তরীণ মতৈক্য গঠনে সিপরাসের জন্য সময় অনেক কমে যাবে। এতে তিনি সংখ্যাগরিষ্ঠতাও হারাতে পারেন।’

সোমবারের মধ্যে পার্লামেন্টে ঋণদাতাদের সংস্কার প্রস্তাব গৃহীত হলেও সেগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করা পর্যন্ত এথেন্স ৭ দশমিক ২ বিলিয়ন ইউরোর বেইলআউট সহায়তাটি পাচ্ছে না। পেলেও তা জুলাই পর্যন্ত চলে যেতে পারে।

তাই প্রশ্ন উঠছে, পার্লামেন্টে অনুমোদিত হওয়ার পর ঋণদাতাদের সঙ্গে গ্রিসের ঋণ বিতর্ক একটি সমাধানে পৌঁছলেও এথেন্স আইএমএফের ১ দশমিক ৫ বিলিয়ন ইউরোর ঋণ পরিশোধে খেলাপি হতে যাচ্ছে কিনা। এক সরকারি কর্মকর্তা ইঙ্গিত দিলেন, সেক্ষেত্রে সময় এক থেকে দুই সপ্তাহ পেছানো হতে পারে।

ওয়েব ডেস্ক

আরও পড়ুন