বাংলাদেশ-ভারতের ওডিআই সিরিজে বাংলাদেশি অ্যাম্পায়ার এনামুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও টিম ডিরেক্টর রবি শাস্ত্রী দুই জন স্বাক্ষর করে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এই অভিযোগপত্র দেবেন, যা আসলে পাঠানো হবে আইসিসির কাছে। বৃহস্পতিবার ঢাকায় অবস্থান করা ভারতীয় টিম সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারতীয় ক্রিকেটাররা মূলত দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ নিয়েই অখুশি। জানা গেছে, তারা বাংলাদেশি আম্পায়ার এনামুল হকের বেশ কয়েকটি সিদ্ধান্তে প্রবল অসন্তুষ্ট৷ ভারতীয় বোর্ডকে অনুরোধ করা হবে যেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে কথা বলা হয় আইসিসি’র সঙ্গে৷
বাংলাদেশি আম্পায়ার এনামুল হক দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচে খুব বাজে সিদ্ধান্ত দিয়েছেন বলে অভিযোগ ভারতীয় শিবিরের৷ মিরপুরে দ্বিতীয় ম্যাচে তামিমের ক্যাচ ধরেছিলেন বিরাট কোহলি৷ নির্ভুল ক্যাচ৷ থার্ড আম্পায়ার হিসেবে এনামুল আউট দেননি তামিমকে৷ তৃতীয় একদিনের ম্যাচে অম্বাতি রায়ডু আউটই ছিলেন না৷ সেই এনামুল হক আঙ্গুল তুলে দেন সবাইকে বিস্মিত করে৷ বাংলাদেশ অধিনায়ক মাশরফির বল রায়ডুর ব্যাটেই লাগেনি৷ প্যাডে লেগেছিল৷ এই ভুল সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বোর্ডকে চিঠি দিতে চলেছে টিম ম্যানেজমেন্ট৷ বোর্ড বিষয়টি নিয়ে যেন আই সি সি-র সঙ্গে কথা বলে৷
এদিকে ভারতীয় অধিনায়ক ও সহ অধিনায়ক বৃহস্পতিবার সকালে দিল্লি ফিরে গেলেও এদিন অন্যরা গাজীপুরের একটি রিসোর্টে সময় কাটান। শুক্রবার সকালে বিভিন্ন ফ্লাইটে টিকেটের ব্যবস্থা করে টিমের সবাইকে দিল্লি পাঠানো হচ্ছে।
স্পোর্টস রিপোর্টার
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


