বুধবার ৪ নভেম্বর ২০২৬

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

cricket_world_cup_অগাস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান এবং স্বাগতিক জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজে খেলা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, সিরিজ নিশ্চিত হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং জিম্বাবুয়ে ক্রিকেট এখনো সিরিজের চূড়ান্ত সময়সূচী ঘোষণা করেনি।

ধারণা করা হচ্ছে, ঐ সিরিজে সফরকারী দুটো দলের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম এবং শেষ অবস্থানের জন্য লড়াই হতে পারে।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বর্তমানে অষ্টম অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর তাদের থেকে মাত্র এক পয়েন্ট ব্যবধানে নবম অবস্থানে রয়েছে পাকিস্তান।

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিকসহ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আটটি দেশ স্থান পাবে।

বাংলাদেশ ভারতের সাথে সাম্প্রতিক জয়ের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে ৫ পয়েন্ট এগিয়ে সপ্তম অবস্থানে রয়েছে।
এদিকে জুলাই মাসেই দক্ষিণ আফ্রিকার সাথে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ।
বেশ আরামদায়ক অবস্থানে থাকলেও জিম্বাবুয়েতে হঠাৎ করেই এই ত্রিদেশীয় সিরিজের ফলে জয়-পরাজয়ের হিসেবে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। নবম অবস্থানে নেমে গেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ বাংলাদেশের থাকবে না।

পাকিস্তান জুলাই মাসেই শ্রীলংকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একটি একদিনের সিরিজ খেলবে পাকিস্তান। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির কাট-অফ ডেটের আগে জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কোন খেলা নেই।

আগামী ৩০শে সেপ্টেম্বর হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কাট-অফ ডেট। সেদিন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দেশগুলোই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত হবে।-বিবিসি

 

আরও পড়ুন