কারোর ক্যান্সার হয়েছে কি না জানতে এখন অনেক কাঠখড় পোড়াতে হয়। এই টেস্ট করো রে, ওই টেস্ট করো রে… সে সব টেস্টের পর রোগী ও রোগীর আত্মীয়দের রক্তচাপ বাড়িয়ে যখন ধরা পড়ে ওই মারণ রোগের অস্তিত্ব, তখন এমনিতেই কার্যত সর্বস্বান্ত হয়ে যেতে হয় তাঁদের। তবে এখন গবেষণা বলছে, ক্যান্সার শনাক্ত করতে আর কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে Colonoscopy বা Biopsy-র প্রয়োজন হবে না । কোনও রোগী কর্কটরোগে আক্রান্ত কি না, তা ধরতে দরকার হবে সাধারণ একটা রক্ত পরীক্ষার ।
ক্যান্সার নিয়ে গবেষণার কোনও শেষ নেই । বলতে গেলে, এ এমন এক রোগ যাকে পুরোপুরি নির্মুল করার পদ্ধতি এখনও অজানাই। ক্যান্সার হয়েছে মানেই মৃত্যুর রাস্তায় হাঁটা শুরু বলে ধরে ফেলেন অনেকেই। ধরে নেওয়া হয় এবার শুধু টুক করে জীবন প্রদীপ নিভে যাওয়ার পালা । তবে এর ব্যতিক্রমও আছে।
প্রথম স্টেজে ধরা পড়ার পর ক্যান্সারকে যে অনেকেই হারিয়ে দিতে পেরেছেন তার নজির অনেক । তবে সে চিকিৎসার ব্যয়ভার বহন করা অনেকের কাছেই কার্যত অসম্ভব । তাঁদের কাছে লন্ডনের ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটির এই গবেষণা হাতে চাঁদ পাওয়ার মতই বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। একটা সাধারণ রক্তপরীক্ষায় খুব কম খরচে শনাক্ত হবে ক্যান্সার । Colonoscopy বা Biopsy-র খরচ যেমন বইতে হবে না, তেমনই রেহাই মিলবে শারীরিক কষ্ট থেকেও।


