বাংলাদেশ বিমানবাহিনির যুদ্ধবিমান এফ-৭ প্রশিক্ষণকালে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হওয়ার ছয় ঘণ্টা পর বিমানটির দুইটি পাখার ভগ্নাংশ পাওয়া গেলেও নিখোঁজ রয়েছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ রোম্মান। সোমবার ২৯ জুন সকাল এগারোটার দিকে উড্ডয়নের পর সাড়ে এগারোটার দিকে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এ বিমানটি। ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এসব তথ্য জানানো হয়।
নিখোঁজ পাইলট তাহমিদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ৬ নটিক্যাল মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয়। চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে বেলা ১১টার দিকে যুদ্ধবিমানটি আকাশে উড্ডয়নের পর ১১টা ১৪ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হয়। এরপর সাড়ে ১১টার দিকে এটি সাগরে বিধ্বস্ত হয়।
বিমানবাহিনীর তিনটি বিমান, নৌবাহিনীর তিনটি জাহাজ ও কোস্টগার্ডের একটি জাহাজ থেকে সমুদ্রে তল্লাশি শুরু হয়। সন্ধ্যার আগে পাখার দুইটি অংশ পাওয়া যায়। সন্ধ্যার পর তল্লাশি সীমিত করা হয়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


