বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সামনেই এরশাদের ওপর চড়াও নারী সাংসদরা

Ershad-Parliament2প্রধানমন্ত্রী তথা সংসদনেতা, উপনেতা ও বিরোধীদলীয় নেতাসহ নারী এমপিদের শোপিস বলার একদিন পরে সংসদ ফ্লোরে নারী সংসদ সদস্যদের তোপের মুখে পড়ে অনেকটা পালিয়ে বাঁচলেন সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ।

মঙ্গলবার ৩০ জুন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাসের পর সংসদের অধিবেশন মূলতবি ঘোষণা করেন স্পিকার। এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে অনেক মন্ত্রী-সংসদ সদস্যরা গিয়ে কুশল বিনিময় করতে থাকলে এরশাদ দূর থেকে শেখ হাসিনাকে সালাম দেন। এরপর দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর হাত ধরে প্রধানমন্ত্রীর আসনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। এ সময় প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা নারী সংসদ সদস্যরা এরশাদের উপর চড়াও হন। সোমবার তার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকেন। সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ অনেকেই তাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আমরা রাজপথে আন্দোলন করেই এখানে এসেছি। আমরা ৯০ সালে আপনাকে উৎখাতের জন্য আন্দোলন করেছি। আমরা মোটেই দুর্বল আর শোপিস না। আর আপনি এটা বলেন কিভাবে- সংসদে নারী সংসদ সদস্য তো আপনিই করেছেন।

এ সময় অন্য সংসদ সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ নিয়ে আমি কথা বলবো। আপনি ঠিক বলেননি। নারী সংসদ সদস্যদের তোপের তীব্রতা বুঝতে পেরে আর সামনে এগোননি এরশাদ। সেখান থেকে সরে অধিবেশন কক্ষের বাইরে চলে যান এরশাদ।  তার যাওয়ার পথেও তাকে উদ্দেশ্য করে নারী সংসদ সদস্যরা নানা ক্ষোভ প্রকাশ করেন।

গত সোমবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির প্রেসিডেন্ট বলেন, নারীর ক্ষমতায়ন সম্পর্কে কথায় কথায় বলি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী, সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী নারী, সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ নারী। এরা কিন্তু শোপিস। বাইরের অবস্থা কিন্তু এটা না। বাইরের নারীরা অসহায়।

তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান নারী সংসদ সদস্যরা। সংসদে উপস্থিত মন্ত্রী এবং অন্যান্য সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে, ফাইল ছুড়ে এরশাদর বক্তব্যের প্রতিবাদ করেন। সংসদের বিরোধী দলীয় নেত্রী ও তার সহধর্মিনী রওশন এরশাদ মুখগোমড়া করে তার পাশের আসনেই বসেছিলেন। পরে বক্তব্য রাখতে গিয়ে রওশন তার স্বামীর বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন