মস্কো: অভিযানে যাওয়ার আগে রাশিয়ার মহাকাশচারী গেনেদি পাদালকা বলেছিলেন, এবারের মিশনে তিনি এক হাজার দিন থাকার চেষ্টা করবেন। তবে গত ২৯ জুন পর্যন্ত হয়েছে ৮০৩ দিন। মহাকাশে সবচেয়ে বেশি সময় থাকার এটাই নয়া রেকর্ড। সোমবার পর্যন্ত মহাকাশে তার অবস্থানকালের মোট সময় দাঁড়িয়েছে ৮০৩ দিনে (দুই বছর, দুই মাস)। বর্তমানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (আইএসএস) কমান্ডারের দায়িত্ব পালন করছেন তিনি। ৩০ জুন রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এই তথ্য প্রকাশ করেছে।
রসকসমসের একজন মুখপাত্র বলেন, এটি অফিশিয়াল রেকর্ড। মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানো মানুষ এখন গেনেদি। আগামী ১১ সেপ্টেম্বরে পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে তার। ওই পর্যন্ত মহাকাশে তার অবস্থানের সময় দাঁড়াবে ৮৭৮ দিনে বা প্রায় আড়াই বছর।
গত ২১ জুন ৫৭ বছরে পা দিয়েছেন গেনেদি। মহাকাশেই পালন করেন তার জন্মদিন। বর্তমানে নিজের পঞ্চম মহাকাশ মিশনে রয়েছেন তিনি। সোভিয়েত যুগে সেনাবাহিনীর পাইলট হিসেবে প্রশিক্ষণ নেয়া গেনেদি ১৯৯৮ সালে প্রথম মহাকাশ মিশনে যান। ওই বছর তিনি তত্কালীন সোভিয়েত ইউনিয়নের স্পেস স্টেশন মিরে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
গেনেদি একজন অভিজ্ঞ মহাকাশচারী। তার মার্কিন সহকর্মীরা বলেন, কীভাবে মহাশূন্যে থাকা যায়, তা গেনেদিকে দেখে শেখা উচিত।
মার্কিন মহাকাশচারী মাইক ফিনকে বলেন, আপনি যদি আইএসএসে নতুন এসে থাকেন, তবে যে সঙ্গীর আপনার দরকার, তিনি হলেন গেনেদি। তার কাছ থেকে আপনি সবচেয়ে ভালো শিখতে পারবেন।
ইন্টারন্যাশনাল ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


