বুধবার ৪ নভেম্বর ২০২৬

দোকান ডাকাত চক্রের ৮ সদস্য আটক, উদ্ধার শতাধিক মোবাইল

ঢাকা শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের শ্যামপুরের পোস্তগোলা চৌরাস্তা থেকে সন্দেহভাজন আট ডাকাতকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে ১৩৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক আটজন একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে পুলিশের দাবি।

মঙ্গলবার রাতে শ্যামপুর থানার পোস্তগোলা চৌরাস্তার ইউসেফ আর কে চৌধুরী স্কুলের সামনে থেকে গোয়েন্দা পুলিশ সদস্যরা তাদের আটক করে বলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান।

এরা হলেন- মো. জালাল, মো. ইউসুফ হাওলাদার, মো. বাচ্চু সরদার, মো. কুদ্দুস, মো. নেকবার মিয়া, মো. কামরুজ্জামান, মো. স্বপন ও মো. কামাল শেখ। পরে তাদের দেওয়া তথ্যে যাত্রাবাড়ীর সামিউল্লাহ প্লাজার নিচতলার শাহ টেলিকম থেকে ১৩৫টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মনিরুল বলেন, “তারা ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় দোকানের শাটার ভেঙে বা তালা কেটে চুরি ও ডাকাতি করত। কয়েকদিন আগে শ্যামপুরেও এরকম একটি ঘটনা তারা ঘটায়।”

পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম, গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সাজ্জাদুর রহমান ও মাশরেকুর রহমান খালেদ সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

আটক আটজন আগেও বিভিন্ন সময়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বলে পুলিশ কর্মকর্তা মনিরুল জানান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন