অনুপ্রবেশের দায়ে ভারতের পশ্চিমবঙ্গে ২৭ বাংলাদেশিকে আটক করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ। বুধবার সকালে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে ১৭ জন এবং বসিরহাট থেকে ১০জনকে আটক করা হয়।
উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের একটি সূত্র জানায়, সকালে বেনাপোল-পেট্রোপল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বনগাঁ থেকে দক্ষিণেশ্বরগামী বাসে ওঠে ১৭ জন বাংলাদেশি । এরপর বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বাস থামিয়ে তল্লাশি চালিয়ে ৫ জন মহিলা, ৭ জন পুরুষ ও ৫ শিশুকে আটক করে পুলিশ । আটককৃতদের বৃহস্পতিবার বারাসত আদালতে তোলা হবে।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার সময় ১০ জন বাংলাদেশিকে আটক করে ১৪৪ নম্বর সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ২ শিশু, ৩ জন মহিলা এবং ৫ জন পুরুষ রয়েছে। আটকদের বসিরহাট থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ। এরপর দুপুরে তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
নিজস্ব প্রতিবেদক,কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


