সারাদিনের অক্লান্ত পরিশ্রমের মাঝে পরিবারের সঙ্গে বসে এই ছবিটি দেখাই যায়। রোজকার কাজের চাপ, ব্যস্ততার মাঝে খানিকটা হাসির খোরাক জোগাতে পারে “বৌদি ডট কম”। পরিচালক রাজ মুখোপাধ্যায়ের একটি রোমান্টিক কমেডি ছবি। প্রযোজনা করেছেন পবন কনোরিয়া। সংগীত পরিচালনা করেছেন শুভায়ু।
শৈলেশ গুহ নিয়োগীর অন্যতম বিখ্যাত নাটক “বৌদির বিয়ে” অবলম্বনে পরিচালক ছবিটি বানিয়েছেন। ছবির কাহিনি ৫ ভাইকে কেন্দ্র করে। ওরা নিজেদের ফ্যান্টাসির জগৎ নিয়ে সদা ব্যস্ত। আশেপাশে কী ঘটছে না ঘটছে, তাতে বিন্দুমাত্রও ভ্রুক্ষেপ নেই তাদের। ছবিতে বড় দাদার চরিত্রে অভিনয় করছেন শাশ্বত। বড়দা তার ভাইদের ভালোবাসে, স্নেহ করে, আবার প্রয়োজনে শাসনও করে। মেজ ভাই চায় বডি ফিটনেস বাড়াতে, সেজ ভাই আবার স্টেটাস নিয়ে খুব যত্নবান। ছোট ভাইকে টানে সিনেমার জগৎ। সবাই সবার আম্বিশন নিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। ও হ্যাঁ। ছবিতে আরও এক জন রয়েছেন। কান্ত। বাড়ির চাকর। কান্তের ভূমিকায় অভিনয় করেছেন পার্থ।
কান্ত চরিত্রটি বেশ মজাদার। সে সকাল থেকে সবার ফাইফরমাস খেটেই দিন কাটায়। আবার গলতি হলে বাবুদের বকুনি, মার খেতেও বাদ যায়না। কিন্তু যতই বকুনি আর মার খাক না কেন, কান্তকে ছাড়া বাড়ির সকলে প্রায় অচল বললেই চলে। কিন্তু যতই বাড়িতে পরিচারক থাকুক না কেন মহিলাহীন পরিবার যে বড়ই অসম্পূর্ণ। ছবিতে তা স্পষ্টই দেখিয়েছেন পরিচালক। তাই পরিবারের এই অসম্পূর্ণতা মেটাতে ৩ ভাই শুরু করে বড়দার জন্য পাত্রী দেখতে। ঘটকের সঙ্গে কথা বলে ৩ ভাই খুঁজে ফেলল তাদের পছন্দের পাত্রীদের। কেউ ক্যারাটেতে পারদর্শী, কেউ মডেল, কেউ আবার গায়িকা। শুরু হল দাদাকে এক এক করে পাত্রী দেখানো। কিন্তু এদের মধ্যে কেউই জায়গা করে নিতে পারল না দাদার মনে। তারপর একদিন হঠাতই আবির্ভাব এক নার্সের (রচনা বন্দ্যোপাধ্যায়)।
এই নিয়েই ধীরে ধীরে এগিয়েছে ছবির কাহিনি। ছবিটিতে মোট ৬টি গান রয়েছে। তার মধ্যে ১টি রবীন্দ্রসংগীত। শাশ্বত বা রচনার অভিনয় নিয়ে বিশেষ কিছু বলারই নেই। কিন্তু, নবাগতরাও তাদের অভিনয় দক্ষতাকে ভালোভাবে ফুটিয়ে তুলেছেন।
দাদার চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। আর বৌদির চরিত্রে রচনা বন্দ্যোপাধ্যায়। পুরোপুরি মেনস্ট্রিম ছবিতে রচনা কেন শাশ্বতের মতো ভিন্ন মেরুর ছবির অভিনেতাকে নায়ক হিসেবে মেনে নিতে চাইছেন? ‘‘শাশ্বত খুব ভাল অভিনেতা। ও তো আজ কাল নানা ধরনের ছবিতে অভিনয় করছে। সেই জন্যেই কাজ করতে চাইছি। আমি আর ও একসঙ্গে কাজ করলে দর্শকের আগ্রহ জাগবে বলেই মনে হয়। তা ছাড়া ছবির শ্যুটিং হবে ভাইজাগে। আউটডোরে পাহাড় সমুদ্র মিলিয়ে একটা আকর্ষণীয় প্যাকেজ তৈরি হবে। এই ছবিতে আমি কেন্দ্রীয় চরিত্রে। সেটাও আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার,’’ বলছেন রচনা।
আর শাশ্বত চট্টোপাধ্যায়? তিনি কী ভাবছেন রচনাকে নিয়ে? বলছেন, ‘‘রচনার মতো ভাল এবং প্রতিষ্ঠিত অভিনেত্রীর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। কাজটা করে ভালই লাগবে আশা করি। বাংলা ছবির দর্শকের কাছেও আমাদের দু’জনকে একসঙ্গে দেখাটা একটা নতুন অভিজ্ঞতা হবে। ‘বৌদি ডট কম’য়ের গল্পটা আসলে একটা নাটক থেকে নেওয়া। সে নাটকটাও খুব মজার ছিল। আশা করি আমি আর রচনা ছবিতে জমাটি অভিনয় করে দর্শকদের হাসাতে পারব।’’ এখন দেখার কেমন জমে রচনা আর শাশ্বতের নতুন জুটি।
নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


