বুধবার ৪ নভেম্বর ২০২৬

হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে টিউলিপের নির্বাচনী ব্যয় সবচেয়ে বেশি

Tulip_Newsworldbdনিজামউদ্দিন অপি, লন্ডন থেকে॥
ব্রিটেনের গত ৭ মে হয়ে যাওয়া সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশদ্ভুত ব্রিটিশ নাগরিক টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে সবচেয়ে বেশি টাকা খরচ করেছেন। ক্যামডেন অ্যান্ড কিলবার্না আসনের নির্বাচনে সবচেয়ে বেশি ব্যয়ের দিক থেকে দ্বিতীয় সায়মন মার্কাস ছিলেন টিউলিপেরই প্রতিদ্বন্দ্বী। টিউলিপ ব্রিটিশ মুদ্রায় ৪২ হাজার ৭৫২ পাউন্ড তার নির্বাচনী খরচ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী সায়মন মার্কাসের খরচ হয়েছে ৪১ হাজার ১১৫ পাউন্ড। টিউলিপের খরচ বাংলাদেশি মুদ্রার হিসাবে ৫০ লাখ টাকার বেশি।

নির্বাচন কমিশনে দেওয়া হিসাবের এই তালিকা ২৫ জুন প্রকাশ করা হয়। এতে বলা হয় ক্যামডেন ও কিলবার্ন আসনে বেশি টাকা খরচের ফলও অবশ্য টিউলিপ পেয়েছনে। তিনি পার্লামেন্টে জায়গা করে নিয়েছেন। টিউলিপের খরচের যোগানদাতাদের মধ্যে সবচেয়ে বেশি ১০ হাজার পাউন্ড দিয়েছেন ওই এলাকার বাসিন্দা ফিলিপ হিলি।

হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এবং হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনে টিউলিপ সিদ্দিক ও সায়মন মার্কাসের পর খরচের তৃতীয় স্থানে রয়েছেন নাটালি বেনেট ৪০ হাজার ৫৭৯ পাউন্ড, স্যার কের স্টারমার ২০ হাজার ৪৪০ পাউন্ড, মাজিদ নাওয়াজ ১৬ হাজার ৯২৬ পাউন্ড, উইল ব্লেয়ার ১২ হাজার ৯৭৪ পাউন্ড, রেবেকা জনসন ৬ হাজার ৬৪০ পাউন্ড, জিল ফ্রাসের ৪ হাজার ৪৪১ পাউন্ড, ম্যাক্সিন স্পেনসার ১ হাজার ৪৩৮ পাউন্ড এবং ম্যাগনাস নিলসেন মাত্র ৫০ পাউন্ড।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। ১৫ বছর বয়স থেকে তিনি হ্যাম্পস্ট্যাড অ্যান্ড কিলবার্নে বসবাস করছেন। এ এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্মেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের প্রতিনিধিত্ব করবেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। বৃহস্পতিবার দিনভর ভোটাভুটি শেষে অধিকাংশ আসন থেকে লেবার প্রার্থীদের পরাজয়ের খবর আসতে থাকলেও ১১৩৮ ভোটে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেন টিউলিপ। জয়ের পথে টিউলিপ সিদ্দিকী পেয়েছেন ২৩ হাজার ৯৭৭ ভোট। আর কনজার্ভেটিভ পার্টির সাইমন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট।

গ্লেন্ডা জ্যাকসন অবসর নেওয়ার ঘোষণা দিলে লেবার পার্টির স্থানীয় সদস্যদের ভোটে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে এমপি পদে লড়াইয়ের মনোনয়ন পান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ।

হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ১৯৯২ সাল থেকে লেবার পার্টির এমপি ছিলেন অস্কার জয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন। গত নির্বাচনে তিনি মাত্র ৪২ ভোটের ব্যবধানে জিতেছিলেন। এবার এই ব্যবধান আরও বাড়িয়েছেন টিউলিপ। কনজারভেটিভ পার্টির প্রার্থীকে এক হাজার ১৩৮ ভোটের ব্যবধান হারিয়েছেন তিনি।

লন্ডনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১০টি আসনের শীর্ষে ছিল হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন। ২৩ বছর ধরে লেবার পার্টির দখলে থাকা আসনটি ধরে রাখা টিউলিপের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। কনজারভেটিভ পার্টি এবার এই আসনটিকে ‘টার্গেট সিট’ বানায়। এসব কারণে আসনটির প্রতি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি ছিল ভিন্ন, সংশ্লিষ্ট প্রার্থীদের চ্যালেঞ্জও ছিল অন্য রকম।

এই কারণেই খরচও তুলনামূলকভাবে বেশিই হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লন্ডন প্রতিনিধি,
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন