“বয়স আমার মুখের রেখায় শেখায় আজও ত্রিকোণমিতি / কমতে থাকা চুলের ফাঁকে মাঝবয়সের সংস্কৃতি / হাঁটুতে আজ টান লেগেছ, টান লেগেছে গাঁটে গাঁটে / মধ্যবিত্ত শরীরে আজ, সময় শুধু ফন্দি আঁটে…”
আপনার শরীরেও কি জাঁকিয়ে বসেছে জ্যামিতির নানা ফর্মুলা ? কপালেই কি ধরে রেখেছেন চাঁদকে ? চোখের নীচের কালি নাকি রীতিমতো হার মানিয়েছে হাঁড়ির কালিকেও… তাহলেও বলি, ভয় নেই। আমরা আছি… শৈশবে ফেরাতে পারব না, তবে যৌবন ফেরাবই ।
খাবার নিয়ন্ত্রণ করুন –
বয়স ধরে রাখতে গেলে সবচেয়ে প্রথমে দরকার খাদ্য তালিকার পরিবর্তন। তেল ও মশলাজাতীয় খাবারদাবার এড়িয়ে চলুন। ক্যালসিয়াম ও প্রোটিনযুক্ত খাবার রাখুন খাদ্য তালিকায় । প্রচুর জল, শাকসবজি, ফল খান । শাকসবজি ও ফল শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে তারুণ্য ধরে রাখে ।
নিয়ম করে হাঁটুন –
বয়স ৩৫ পেরোলেই শরীরের বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন । রোজ নিজের জন্য সময় বের করে যোগা করুন, হাঁটাহাঁটি করুন । ওজন নিয়ন্ত্রণে রাখুন । ওজন বেড়ে গেলে নানা শারীরিক সমস্যা শুরু হয় । তাই শরীরের বাড়তি ক্যালোরি ঝরাতে হাঁটার বিকল্প নেই ।
চুলের যত্ন নিন –
বুড়িয়ে যেতে না চাইলে চুলের যত্ন নিন । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চুল ঝরতে থাকে । তাই সমস্যা শুরু হওয়ার আগেই তৈরি থাকতে হবে। চুলের গোড়ায় ময়লা জমতে দেবেন না । নিয়ম করে শ্যাম্পু করুন । নিজে ঠিকঠাক না পারলে পার্লারে যান । আজকাল ছেলেদের পার্লারে চুলের জন্য অনেকরকম ট্রিটমেন্ট করানো হয় ।
নেশা ছাড়ুন –
খাবারের পর একটা সিগারেট না হলে জমে না। কিন্তু এই নেশা যে শরীর ও ত্বকে কত মারাত্মক ক্ষতি করে, জানেন ? তাই আজই ছাড়ুন এই অভ্যেস ।
ক্রিম মাখুন –
ম্যায় মর্দ হু । তাই ওসব ক্রিমটিম আমার ধাতে সয় না । এসব লজিক নিজের কাছেই রাখুন । অনেক হল । মুখের হাল যে দিনদিন বেহাল হয়ে যাচ্ছে, সেদিকে এবার একটু তাকান । রোজ নিয়ম করে ক্রিম মাখুন । রোদে বেরলেই সানস্ক্রিন মাখুন। পার্থক্যটা নিজেই টের পাবেন। মেয়েদের মতো সাজগোজ করছেন বলে কে কী বলবে, সেসব নিয়ে ভাববেন না। শরীরটা তো আপনার, খেয়ালটাও তো আপনাকেই রাখতে হবে !
লাইফ স্টাইল ডেস্ক


