বিসিবির নিরাপত্তাবাহিনীর দ্বারা নিগৃহীত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের টোয়েন্টি২০ ম্যাচ। মিরপুরের ইনডোর স্টেডিয়ামে অনুশীলন চলছিল বাংলাদেশ দলের। ক্রিকেট দলের এই অনুশীলনের সংবাদ সংগ্রহে যাওয়ার সময় লাঞ্ছনার শিকার হয়েছেন সেকান্দার আলী।
তিনি জানান, ‘নির্দিষ্ট সিরিজের জন্য বিসিবির অ্যাক্রিডিটেশন কার্ড তখনও সরবরাহ করা হয়নি। নিরাপত্তা কর্মীরা পরিচয় জানতে চাইলে আমি নিজের পরিচয় দেই; নিজের পরিচয়পত্রটিও দেখাই। তারপরও আমাকে বলা হয়— আপনার গতিবিধি সন্দেহজনক, অ্যাক্রিডিটেশন কার্ড নাই।’
কথা-বার্তার এক পর্যায়ে বিসিবির নিরাপত্তা কর্মীদের যোগসাজশে পুলিশ সেকেন্দারকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়।
বিসিবির পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সত্যিই দুঃখিত। এটা কখনোই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না হয় তা নিশ্চিত করতে সব রকমের ব্যবস্থা আমরা গ্রহণ করব।’
এদিকে ক্রীড়া সাংবাদিকদের অনেকেই জানান, নিরাপত্তার নামে মানুষকে নাজেহাল করায় যেন সিদ্ধহস্ত বিসিবির এই ‘ওয়াকিটকি বাহিনী’।
এই ‘ওয়াকিটকি বাহিনী’ মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা কর্মী বাহিনী। এদেরকে বছরের বাকি সময়গুলোতে মাঠের আশে পাশে দেখা না গেলেও কোনো সিরিজ শুরুর আগে ঠিকই বিসিবির বারান্দায় ঘোরাঘুরি করতে দেখা যায়।
পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের নাজেহাল করেন তারা; অথচ অনাকাঙ্খিত আগন্তুকরা যখন দল বেঁধে ক্রিকেটারদের ধরে ধরে সেলফি তোলায় ব্যস্ত থাকে কিংবা হুড়মুড় করে ড্রেসিংরুমে ঢুকে পড়ে, ‘ওয়াকিটিক বাহিনী’ তখন নির্বিকার। কারণও আছে। ওই আগন্তুকদের দলে তাদেরই আত্মীয়-স্বজনরাও যে থাকেন! এছাড়াও বখশিশ বাণিজ্য তো রয়েছে।
প্রচুর অর্থ ব্যয় করে এই ‘ওয়াকিটকি বাহিনী’ লালন-পালন করছে বিসিবি। যাদের নিয়োগ নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। বাস্তব জীবনে তারা সন্ত্রাসী, নাকি ‘ভাল মানুষ’ তা যাচাই-বাছাই করা হয় না। তাই মিরপুর স্টেডিয়ামে প্রতিনিয়তই অপ্রীতিকর অনেক ঘটনার উৎস হোন এসব কথিত নিরাপত্তা কর্মীরা। যেমনটা হয়েছে শনিবার।
এই ঘটনায় ক্রীড়া সাংবাদিকদের ৩টি সংগঠনের নেতারাও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পরে বিষয়টি বিসিবির উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং ওই দুই নিরাপত্তা কর্মীকে চিহ্নিত করা হয়েছে।
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


