সামাদ ইউসুফ (ঘানা), ইসমাইল বাঙ্গুরা (গিনি) এবং এনকোচা কিংসলে চিগুজি (নাইজিরিয়া)-কে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার সুপারিশ চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদের জাতীয় দলে নেয়ার বিষয়ে সুপারিশও করেছেন কোচ
ফিফার নিয়ম অনুযায়ী কোন বিদেশী ফুটবলারকে নিজ দেশের জাতীয় দলে খেলাতে হলে সে দেশের ঘরোয়া লীগে কমপক্ষে পাঁচ বছর খেলতে হবে। ডিফেন্ডার সামাদের ইতোমধ্যেই সে শর্ত পূরণ হয়ে গেছে। তিনি ঢাকা আবাহনীর হয়ে খেলছেন সাত বছর ধরে। শেখ রাসেলের নাইজিরিয়ান ফরোয়ার্ড কিংসলে এবং মোহামেডান স্পোর্টিংয়ের গিনির স্ট্রাইকার ইসমাইর বাঙ্গুরার পাঁচ বছরের সময়সীমা পূরণ হবে আগামী সেপ্টেম্বরে। বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বিকল্প হিসেবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলা কোন বিদেশিকে নাগরিকত্ব দিয়ে তাকে জাতীয় দলের খেলানোর পরিকল্পনা করছেন। জাতীয় দলের ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফের পরামর্শ অনুযায়ী এই তিন বিদেশীকে নিয়ে জাতীয় ফুটবল দলের শক্তি বৃদ্ধি করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বাফুফে।
প্রিমিয়ার লিগে খেলা বিদেশি তিন ফুটবলারকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ায় পরিকল্পনায় সায় আছে কাজী সালাউদ্দিনের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি মনে করেন, বিদেশি ফুটবলারদের জাতীয় দলে নিলে উপকার পাওয়া যাবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সোমবার ৬ জুলাই এ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নিজের মনোভাব তুলে ধরেন সালাউদ্দিন। ইসমাইল বাঙ্গুরা, সামাদ ইউসুফ ও কিংসলে চিগোজিকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলানোর পরিকল্পনার পক্ষেই তার অবস্থান।
শুরুতে ‘আমি এটার খুব পক্ষে নই, বিপক্ষেও নই’ বললেও পরে সালাউদ্দিন বলেন, এটার বিপক্ষে নই; কারণ, এখন গোটা বিশ্বই চলছে এই নিয়মে। একজন ফুটবলার যদি পাঁচ বছর আমাদের দেশে থাকে; এখান থেকে প্রতিদিনের রোজগার করে, তাহলে আমার মনে হয়, তারও জাতীয় দলে দেওয়ার কিছু দায়বদ্ধতা তৈরি হয়।
বাঙ্গুরা, সামাদ আর চিগোজি-এই তিন বিদেশির সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকলেও মূলত জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফের পরামর্শের কারণে তাদের নেওয়ার পথে এগিয়েছে বাফুফে। কোচ বললেন, আমার দেশ নিলে (বিদেশি) তোমার দেশের এই সুযোগ নিতে সমস্যা কোথায়? এতে যদি আমার দেশের কোনো উপকার আসে, তাহলে আমি কেন ব্যবহার করব না। এটা আসলে সময়ের প্রয়োজনেই করা হচ্ছে। এতে লোকসানের কোনো রাস্তা দেখি না, যোগ করেন সাবেক এই ফুটবল তারকা।
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


