বুধবার ৪ নভেম্বর ২০২৬

সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

naogaon_4_dead_নওগাঁ সদর উপজেলায় এক বাড়ির সেপটিক ট্যাংকে নেমে ‘গ্যাসের ক্রিয়ায়’ এক নির্মাণ শ্রমিক ও গৃহকর্তার ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৭ জুলাই সকালে উপজেলার গোয়ালী গ্রামে তয়েজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান।

নিহতদের মধ্যে নির্মাণ শ্রমিক রতন হোসেনের (৩০) বাড়ি রঘুনাথপুর গ্রামে। অন্যরা হলেন- তয়েজের ছেলে ইমতিয়াজ হোসেন (২১), প্রতিবেশী মো. বাবু (৩২) ও দিলবর হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে ইনতাজুলের বাড়িতে নব নির্মিত সেপটিক ট্যাংকের সাটারিং-এর কাঠ ও বাঁশ খুলতে মই দিয়ে প্রথমে রাজমিস্ত্রী রতন ইসলাম ট্যাংকের ভেতরে নামেন। বেশ কিছুক্ষণ তার কোন সাড়া না পেয়ে গৃহকর্তা ইনতাজুল ও একে একে প্রতিবেশী বাবু ও দিলবর ট্যাংকের ভেতরে নামেন। এ সময় তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা ট্যাংকের ছাদ ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ৪ জনেরই মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “ট্যাংকের ঢালাইয়ের শাটার খুলতে এক শ্রমিক সকালে ভেতরে নামেন। তিনি উঠে না আসায় তাকে উদ্ধারে একে একে বাকিরাও নেমে গ্যাসের ক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”

জাকিরুল ইসলাম জানান, ট্যাংক থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন