বুধবার ৪ নভেম্বর ২০২৬

টি২০ সিরিজে সমতা আনতে মাঠে বাংলাদেশ

SA_BD-t20_05-07-15টি-টোয়েন্টিতে এখনও অভ্যস্ত হতে পারেনি বাংলাদেশ। প্রতিনিয়ত হিসাব-নিকেশের মধ্য দিয়ে যাওয়াটা এখনও রপ্ত করতে পারেনি স্বাগতিকরা। সে সব মাথায় না নিয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ সতীর্থদের উপভোগ করতে বলেছেন মাশরাফি। এই ম্যাচে ভালো করে ওয়ানডের প্রেরণা চান দেশসেরা এই পেসার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রবিবার ৫ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫২ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার ৭ জুলাই একই মাঠে মুখোমুখি দুদল। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের কাছে।

প্রথম ম্যাচে বোলারদের সফলতায় মাত্র ১৪৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। তবে ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চিরচেনা ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাশরাফিবাহিনী। শুরুতেই তামিম ইকবালের বিদায়ের পর ক্রিজে টিকতে পারলেন না সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসাইন, লিটন দাস। দীর্ঘদিন পর পুরো ব্যর্থতা নিয়ে মাঠে ছেড়েছেন এরা সবাই। মুশফিকুর রহিম ও লিটন দাস থিতু হলেও বড় করতে পারেননি ইনিংস। দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি সাব্বির রহমান ও নাসির হোসেন।

অতিথি স্পিনারদের খেলতে বেশ বেগ পেতে হয় স্বাগতিক ব্যাটসম্যানদের। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার জেপি দুমিনি ও অ্যারন ফাঙ্গিসোর ৮ ওভারে ৩৩ রানের বিনিময়ে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

কাইল অ্যাবট, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, ডেভিড ভিজের পেস বলেও খুব একটা সাবলীল ছিলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টিতে জিততে অতিথি বোলারদের এবার সামলাতেই হবে স্বাগতিকদের।

সিরিজ থেকে কিছুটা প্রাপ্তির জন্য আজকের দায়িত্বটা ব্যাটসম্যানদেরই নিতে হবে। উদ্বোধনী জুটিতে ভালো সূচনা আনতে হবে তামিম ইকবাল ও সৌম্য সরকারকে। ব্যাটিং লাইনের টপ অর্ডারের ব্যাটসম্যানদের খেলতে হবে দায়িত্ব নিয়ে।

শক্তির বিচারে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। তাই অতিথিদের হারাতে মেলাতে হবে অনেক সমীকরণ। প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। প্রথম ম্যাচে সেই অভিজ্ঞতাই ছিল অতিথিদের ত্রাতা।

কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার ভালো না করলেও ঠিকই লড়াইয়ের পুঁজি গড়ে অতিথিরা। ফাফ দু প্লেসি, দুমিনি, রাইলি রুশোর ব্যাটে জয়ের পথে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সময় নিয়ে ম্যাচ জেতানো অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারায় বড় হার এড়াতে পারেনি বাংলাদেশ। এবার পরিকল্পনা বাস্তবায়ন আর ম্যাচে ভূমিকা রাখতে প্রত্যয়ী স্বাগতিক খেলোয়াড়রা।

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন