বুধবার ৪ নভেম্বর ২০২৬

রোজার মাসেও খালেদা মিথ্যাচার করছেন: তথ্যমন্ত্রী

INUবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুলিশ নিয়ে করা সাম্প্রতিক একটি বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রোজার মাসে খালেদা জিয়া মিথ্যাচার করছেন। মঙ্গলবার ৭ জুলাই দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, পুলিশ পেট্রলবোমা না ছুড়লে ২০-দলীয় জোটের তিন মাসের আন্দোলন বন্ধ হতো না। তিনি দাবি করেন, আন্দোলন চলাকালে পুলিশই বাসে আগুন দিয়েছে, পেট্রলবোমা মেরেছে।

বিএনপির চেয়ারপারসনের ওই বক্তব্যের জবাব দিতে গিয়ে সংবাদ ব্রিফিংয়ে ইনু বলেন, এ বছরের শুরুতে আন্দোলনকালে বাসে আগুন দিয়েছে, পেট্রলবোমা মেরেছে পুলিশ’ শীর্ষক যে বক্তব্য খালেদা জিয়া দিয়েছেন, তা মিথ্যাচার। রোজার মাসে ইফতার সামনে রেখে তিনি যেভাবে মিথ্যাচার করছেন, তাতে ফেরেশতারাও উদ্বিগ্ন না হয়ে পারেন না।

একই প্রসঙ্গে তথ্যমন্ত্রীর ভাষ্য, এ বছরের শুরু থেকে আগুন সন্ত্রাসের ঘটনায় পুলিশ ৩৮৮টি ঘটনা তালিকাভুক্ত করেছে। এসব ঘটনায় ঘটনাস্থলে ধরা পড়া ৫৭৯ জনের মধ্যে ৩৬৫ জন বিএনপির নেতা-কর্মী। জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা ২০৫ জনের।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির কেন্দ্রীয় জেলা ও উপজেলা কমিটির ৮৪ হাজার নেতা-কর্মীর বেশির ভাগই হেসে-খেলে দিন কাটাচ্ছেন। তাঁরা আরামে আছেন। শান্তিতে আছেন। ব্যবসা-বাণিজ্য করছেন। কিন্তু গুটিকয়েক যেসব নেতা সন্ত্রাস ও আগুন যুদ্ধ করেছেন, তাঁরা অশান্তিতে আছেন।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই। এটা পত্রপত্রিকার রসালো আলাপ। আরেক প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘খালেদা জিয়া যদি আদালতের বারান্দা থেকে বের হতে পারেন, তাহলে নির্বাচনে অংশ নিতে পারবেন, নইলে পারবেন না।’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন