ফেসবুকে অশালিন মন্তব্য করার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় ইন্টারনেটভিত্তিক সংগঠন ‘সিপি গ্যাং’ এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহীর চারঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম অরূপ রতন পাল (২৭)। মঙ্গলবার ভোরে ঢাকার রামপুরায় মহানগর প্রজেক্টের অফিস থেকে রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রূপসপুর আবাসিক এলাকায়।
চারঘাট থানার এসআই খায়রুল আলম জানান, তাপস সরকার নামে একজনের করা মামলায় অরূপকে ঢাকায় গ্রেপ্তার করে চারঘাট থানায় নিয়ে আসা হয়েছে। তিনি সিপি গ্যাং নামে একটি ফেসবুক পেইজের অ্যাডমিন। এসআই খায়রুল আলমই তথ্যপ্রযুক্তি আইনের ওই মামলা তদন্তের দায়িত্বে আছেন।
এসআই খায়রুল জানান, চারঘাট সদর এলাকার তাপস গত ২৪ মে চারঘাট মডেল থানায় অরূপের বিরুদ্ধে এই মামলা করেন। পরে ফেসবুকে দেয়া ফোন নম্বরের সূত্র ধরে অরূপকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী তাপস জানান, অরূপ এক বছর ধরে ফেসবুকে তার বিরুদ্ধে ‘অশালীন, মানহানিকর ও মিথ্যা’ তথ্য দিয়ে স্ট্যাটাস দিয়ে আসছেন। ফলে ‘বাধ্য হয়ে’ তিনি তথ্য প্রযুক্তি আইনে এ মামলা করেছেন।
এসআই খায়রুল বলেন, যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাপসের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়া হত, তা অরূপের নয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন। তবে ওই পেইজে যে মোবাইল ফোন নম্বর দেয়া আছে, সেটি অরূপের। এ ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply