ঢাকায় নিজেদের মাটিতে অতিথি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টোয়েন্টি২০ ম্যাচেও হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার ৭ জুলাই একই দিনে সুদূর দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের জুনিয়রদের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। জুনিয়র টাইগাররা এদিন ২৯ রানের জয়ে নিয়ে মাঠ ছেড়েছে।
এই ম্যাচ জেতায় ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের যুবারা ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ও সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে এই ম্যাচে জুনিয়র টাইগাররা জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং নৈপুণ্যে।
বৃষ্টি বিড়ম্বনায় ডারবানে অনুষ্ঠিত ম্যাচটির দৈর্ঘ্য ২০ ওভার কমিয়ে ৩০ ওভার করে নির্ধারণ করা হয়েছে। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশের যুবারা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানেই থামতে বাধ্য হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার যুবারা।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বল ও ব্যাট হাতে সমান তালেই পারফরম্যান্স করেছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেছেন তিনি। অন্যদিকে ৬ ওভার বল করে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া মোসাবেক হোসেন ৩টি উইকেট পেয়েছেন।
ক্রীড়া প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


