গাড়ির জাল লাইসেন্স তৈরির সরঞ্জামসহ ঢাকার খিলগাঁও থেকে দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন, মাসুম পারভেজ (৩২) ও আল মামুন (৩০)। মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, বুধবার ৮ জুলাই সকালে খিলগাঁও থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, জাল লাইসেন্স তৈরির মেশিন, প্রিন্টারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, “তারা দীর্ঘদিন ধরে হালকা যানবাহনের জাল লাইসেন্স তৈরি করে জনগনের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রতিটি লাইসেন্স তারা এক হাজার থেকে চার হাজার টাকায় বিক্রি করতো।”
ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম, উপ কমিশনার মাশরেকুর রহমান খালেদ, উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আটকদের জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খুঁজে বের করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মনিরুল।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


