ভারতের সবগুলো রাজ্যের নামে ব্যাংক থাকলেও বাংলার নামে কোনো ব্যাংক নেই। তবে এবার সরাসরি বাংলার নামে হয়তো ‘ব্যাংক অব বেঙ্গল’ হচ্ছে না; কিন্তু বাঙালির ব্যাংক হিসেবে আসছে ‘বন্ধন ব্যাংক’। প্রথম বছরেই বাংকটিতে ১ কোটি গ্রাহক করার পরিকল্পনা নিয়ে ৬০০ শাখা খোলার ইচ্ছা রয়েছে কর্তৃপক্ষের।
আগামী ২৩ অাগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে বন্ধন ব্যাংকের। আগামী মাসে ব্যাংকটির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিন বছর অর্থাৎ ২০১৮ মধ্যেই শেয়ারবাজারে নথিভুক্ত হওয়ার পরিকল্পনা করেছে বন্ধন ব্যাঙ্ক।
বৃহস্পতিবার ৯ জুলাই কলকাতায় এক সাংবাদিক সম্মেলেন এ কথা জানালেন ব্যাংকের প্রতিষ্ঠাতা কর্ণধার চন্দ্রশেখর ঘোষ।
প্রাথমিক ভাবে প্রায় ৬০০টি শাখার মাধ্যমে ব্যবসা শুরু করবে এই ব্যাঙ্ক। শহর কলকাতায় খোলা হবে ৩৮টি শাখা। প্রথম পর্যায়ে ২৫০টি এমটিএম খোলার পরিকল্পনাও নিয়েছে বন্ধন ব্যাঙ্ক।
চন্দ্রশেখর জানান, প্রতি বছর প্রায় ৩০ শতাংশ হারে ব্যবসা বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা। সাধারণ মানুষের সুবিধার জন্য বায়োমেট্রিক (বুড়ো আঙুলের ছাপ ব্যবহার করে) পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি চালু করবে বন্ধন। এ জন্য ব্যাঙ্কের শাখায় ছোট ছোট যন্ত্র রাখা হবে। সেখানেই আঙুলের ছাপ দিয়ে এবং সইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাবে।
গ্রাহকদের সুবিধার জন্যই আপাতত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনও ন্যূনতম ব্যালেন্সের সীমা রাখা হচ্ছে না। বর্তমানে যে সব গ্রাহক বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস-এর অধীনে লেনদেন করেন, তাঁদেরও নতুন ব্যাঙ্কের পরিষেবার আওতায় আনা হবে।
প্রথম বছরে ১ কোটি অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান চন্দ্রশেখর ঘোষ।
নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


