অভিনেত্রী অপি করিমের সঙ্গে এবারের ঈদের একটি নাটকে অভিনেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম। বৃহস্পতিবার ৯ জুলাই গাজীপুরের মাওনায় শুটিং শুরু হয়েছে। আনিসুল হকের রচনা ও শামীম শাহেদের পরিচালনায় ‘হঠাৎ প্রিয়তমা’ নাটকটি ঈদের চতুর্থ দিন রাত নয়টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।
নাটকটিতে মুসা ইব্রাহিম অভিনয় করছেন একজন আলোকচিত্রীর ভূমিকায়। বনে-জঙ্গলে নানা জাতের পাখি খুঁজে বেড়ানো, পাখির ছবি তোলা, সেসবের বিবরণ লিখে রাখাই যার কাজ। ছবি তুলতে গিয়েই মুসার সঙ্গে দেখা হয় অপির। অপির চরিত্রের নাম অর্চি, মুসার চরিত্রের নাম রিমন।
মুসা বলেন, ‘নাটকটির পরিচালক শামীম শাহেদ মনে করেছেন, তাঁর নাটকের এই চরিত্রটির জন্য আমি মানানসই। তাঁর অনুরোধেই কাজটি করা।’
প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মুসা বলেন, ‘অভিনয় আসলে আমার কাজ না। কোনো দিন করিওনি। নির্মাতা আমাকে যেভাবে বলছেন সেভাবেই কাজ করছি। সহশিল্পী থেকে শুরু করে সবাই বেশ সহযোগিতা করছেন। সবার সহযোগিতায় আমি মুগ্ধ।’
বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


