বুধবার ৪ নভেম্বর ২০২৬

জয়ের জন্যই মাঠে, তবে…

BCB1436273515sssহারের পর শুক্রবার ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জয়ের ধারাবাহিকতায় ফিরতে চায় বাংলাদেশ। তবে এ জন্য শুধু পরিকল্পনা নয়, টাইগার অধিনায়ক ভাবছেন মাঠে এর প্রয়োগ নিয়ে। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিশ্চিত করতে প্রোটিয়া ব্রিগেডের বিপক্ষে ওয়ানডে সিরিজটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ জয়কে টনিক হিসেবে দিয়ে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা বলছেন, বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ জেতাটা চ্যালেঞ্জিং হবে।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ম্যাচের টি২০ সিরিজে হারের পর বাংলাদেশ দল ফিরছে তার সেরা ফরম্যাটে। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে গত আট মাসে দুর্দান্ত এক বাংলাদেশকেই দেখেছে ক্রিকেটবিশ্ব। জিম্বাবুয়ে ও বিশ্বকাপের পর পাকিস্তান-ভারত সিরিজেও ধারাবাহিকভাবে সাদা বল রঙিন জার্সিতে টিম হিসেবে পারফর্ম করেছে মাশরাফি বাহিনী।

পরবর্তী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ দুটি দল হিসেবে জায়গা করে নিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নানা হিসাব-নিকাশ রাখতে হচ্ছে টিম বাংলাদেশকে। র্যাংকিংয়ের সপ্তম স্থানে থাকা বাংলাদেশের সঙ্গে অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে চলছে সমীকরণের জটিল লড়াই। তবে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এ সিরিজের একটি ম্যাচে জয় পেলে আর কিছু নিয়েই মাথা ঘামাতে হবে না লাল-সবুজ জার্সিধারীদের। তাই ঘরের মাঠে পর পর তিন ম্যাচ (ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটি টি২০) হারের পরও জয়ের কথাই ভাবছে স্বাগতিকরা।

তবে এজন্য পরিকল্পনার অতিরিক্ত চাপ না নিয়ে আগের সিরিজগুলোর মতো বাস্তবায়নেই জোর দিচ্ছেন মাশরাফি। তার ভাষায়, ‘জিততে জিততে জেতার একটা নেশা তৈরি হয়, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এটা অতিরিক্ত হতে হতে তখন আর প্রয়োগ নিয়ে ভাবার সুযোগ থাকে না। শুরু থেকেই আমরা যখন জেতা জেতা করি তখন হয়তো আমাদের ফোকাসটা সরে যাচ্ছে। আমাদের পেছনে ফেরা উচিত। আমরা যখন খারাপ সময় থেকে ভালো সময়ে আসা শুরু করেছিলাম; আমাদের সেখানে ফেরা উচিত। যেহেতু আমরা শেষ তিনটা ম্যাচ জিততে পারিনি, আমাদের বেসিকে ফিরে যাওয়া উচিত।’

শেষ তিন ম্যাচে হারের কারণ সম্পর্কে স্বাগতিক অধিনায়কের ভাষ্য, ‘শেষ তিনটা ম্যাচে আমরা প্রক্রিয়ার বাইরে গিয়ে জেতার চিন্তা বেশি করেছি। আমার মনে হয়, আমরা যদি প্রক্রিয়া ঠিক রেখে খেলতে পারি, যেমনটা বিশ্বকাপ ও অন্যান্য সিরিজে করেছি; সেটা ঠিকমতো করতে পারলে ভালো করতে পারব। জেতার জন্য বেশি পরিকল্পনা না করে প্রয়োগ নিয়ে বেশি চিন্তা করা উচিত।’ যোগ করেন, ‘বোলার কিংবা একটা ব্যাটসম্যান যদি মৌলিক কাজগুলো ঠিকমতো করতে পারে, তাহলে জেতা সম্ভব। শুধু একটা জয়ের কথা বললে ভুল হবে। আমরা তিনটা ম্যাচেই জয়ের জন্যে নামব।’

শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজে হারলেও ওয়ানডেতে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে বলেই মনে করেন মাশরাফি। ‘আমরা ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে সিরিজ জিতেছিলাম। ওই কথা চিন্তা করলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে আমাদের সব ডিপার্টমেন্টে এক ধাপ এগিয়ে থেকে পারফর্ম করতে হবে।’

দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে একই সঙ্গে চ্যালেঞ্জ ও আনন্দের মনে করছেন ম্যাশ। এ নিয়ে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা অনেক ভালো দল। তাদের বিপক্ষে ভালো খেলা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে আনন্দেরও। কারণ আমরা যদি তাদের বিপক্ষে ভালো করতে পারি, তাহলে বাংলাদেশের ক্রিকেট আরেকটি ধাপে পৌঁছাবে।’

দক্ষিণ আফ্রিকা সিরিজ বাংলাদেশের জন্য কেন চ্যালেঞ্জের হতে যাচ্ছে, তারও ব্যাখ্যা দেন টাইগার দলপতি, ‘আপনি যদি দেখেন, দ্বিপক্ষীয় সিরিজে কিন্তু তারা নাম্বার ওয়ান। একমাত্র আইসিসির টুর্নামেন্ট ছাড়া যেকোনো দলেরই তাদেরকে হারানো কঠিন। বিশ্বকাপেও তারা কিন্তু ফেভারিট থেকেই শুরু করে।’ সবে শেষ হওয়া টি২০ সিরিজে প্রোটিয়া স্পিনারদের সামনে পথ হারিয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা। আর তাই ওয়ানডে সিরিজেও উইকেট স্পিনিং হলে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। আবার উইকেট বাউন্সি হলে প্রোটিয়া পেসারদের তোপের মুখে পড়তে হতে পারে। এমনি অবস্থায় উইকেট নিয়ে ভাবতে হচ্ছে মাশরাফিকে। বলেছেন, ‘উইকেট নিয়ে আমরা কিছুটা বিভ্রান্ত। এর কারণ হচ্ছে শেষ কয়েকটি সিরিজ, বিশ্বকাপ ও ঘরের মাঠে ট্রু উইকেট খেলেছি। ব্যাটসম্যানদের সঙ্গে আমাদের বোলাররাও বেশ ভালো করেছে। তবে এ সিরিজ ট্রু উইকেট হলে ওদের পেসারদের সামলানোর বিষয়টা কিন্তু থেকেই যায়।’ যোগ করেন, ‘প্রতিপক্ষ পেস বোলিংয়ের চেয়েও স্পিনের বিপক্ষে দুর্বল থাকলে সে সুবিধা সবাই নিতেই চাইবে। সেক্ষেত্রে ওদের স্পিনারদের সামলানোর কথাও ভাবতে হবে। তবে এর আগে আমরা ওদের চেয়েও ভালো স্পিনারদের সামলেছি।’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন