বুধবার ৪ নভেম্বর ২০২৬

অস্ত্রসহ ৯ ডাকাত আটক

Dacoitঅস্ত্র ও স্বর্ণালংকারসহ সন্দেহভাজন নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার ১০ জুলাই দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও দুই ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইব্রাহিম, আল আমিন, সিদ্দিক, আলমগীর, রিয়াজ, খিজির, শহিদুল, আবদুর রব ও হালিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার আন্তঃ জেলা ডাকাত চক্রের সদস্য। অত্র এলাকায় তারা ডাকাতি করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। এর পূর্বেও তারা তুরাগসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি করেছে।

ডাকাতরা তুরাগ থানায় ডাকাতি করা লুন্ঠিত স্বর্ণ আব্দুর রব আব্দুল হালিম স্বর্ণকারের কাছে বিক্রি করে। পরবর্তী সময়ে আঃ রবের নিকট হতে সোয়া দুই ভরি স্বর্ন উদ্ধার করা হয়। উল্লেখ্য আঃ রব ও আঃ হালিম কে তুরাগ থানার ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়।

ধৃত ডাকাতরা মূলত নরসিংদীর গাউছিয়া, মাধবদী ও নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকার বাসিন্দা। অত্র এলাকা হতে প্রায়শঃ ঢাকা মহানগরী এলাকায় ঢুকে ডাকাতি করে নিজ এলাকায় চলে যেত। উল্লেখ্য অত্র আন্তঃজেলা ডাকাত সদস্যরা দীর্ঘদিন ধরে মহাসড়ক ও ঢাকা মহানগরী এলাকায় বিভিন্ন বাড়ীতে ডাকাতি করে আসছে। এই ডাকাত চক্রের সঙ্গে আরও সদস্য জড়িত রয়েছে। ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে তুরাগ থানায় ডাকাতি প্রস্তুতির মামলা রুজু হয়েছে।

গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগের ডিসি শেখ নাজমুল আলম এর নির্দেশনায় এডিসি কাজী শফিকুল আলম এর তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম নাজমুল হক এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন