বাংলাদেশ সীমান্তের নদীয়া-ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করার পর গুলিবিদ্ধ একজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গুলিবিদ্ধ অবস্থায় তরিকুল পালিয়ে বাংলাদেশে গেলেও রশিদ কাঁটাতারের বেড়ার পাশে পড়ে যান। পরে জখম রশিদকে বিএসএফ সদস্যরা ভারতের ভেতরে নিয়ে যায়। গুলিবিদ্ধ রশিদ এখন বিএসএফের হেফাজতে নদীয়া জেলা সদরের শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, শনিবার ১১ জুলাই ভোরে উপজেলার লড়াইঘাট সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে তরিকুল ইসলামকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আর একই গ্রামের আবু সিদ্দিকির ছেলে আব্দুর রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ নিয়ে গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
ওসি শাহিদুল বলেন, শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি গরু আনতে জিরো লাইন ক্রস করে ভারতের সীমান্তে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ভারতের নদীয়া জেলার ফতেপুর ক্যাম্পের বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় রশিদ ও তরিকুলের গায়ে গুলি লাগে।
সংবাদদাতা, ঝিনাইদহ/নদীয়া
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


