বুধবার ৪ নভেম্বর ২০২৬

মঞ্চে মুক্তিযুদ্ধ প্রামাণ্যচিত্রের প্রথমপর্বের শ্যুটিং শেষ

Muktijudho_Dramaবাংলাদেশের মঞ্চে মুক্তিযুদ্ধ নির্ভর নাটকের উপর ধারাবাহিক প্রামাণ্যচিত্রের প্রথম পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। এ পর্বে রয়েছে প্রথিতযশা নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘সময়ের প্রয়োজনে’। তথ্যবহুল এ প্রমাণ্যচিত্রটি নির্দেশনা দিচ্ছেন শাহ ওয়ালিদ আকরাম। চিত্রগ্রহণে রয়েছেন আবু সুফিয়ান। প্রযোজনায় ওঙ্কার। সার্বিকভাবে সহায়তায় সাংস্কৃতিক সংগঠন সূর্য্য সেন সঙ্ঘ।

শনিবার ১১ জুলাই রাজধানীর ফার্মগেট এলাকায় শুটিং সম্পন্ন হয়। শেষদিনের শুটিংয়ে ছিলেন নাটকটির নির্দেশক ও অভিনেতা মোহাম্মদ বারী এবং স্টেজ ম্যানেজার ও অভিনেতা এজাজ বারী।

জহির রায়হানের ছোটগল্প সময়ের প্রয়োজনে অবলম্বনে এ নাটক নির্মিত। যুদ্ধকালে মুক্তিবাহিনীর একটি ক্যাম্পের চিত্র এ নাটকের পটভূমি। যুদ্ধের বিভীষিকার মাঝে মৃত্যুর বিষাদ ঠেলে প্রেম, বিরহ, হাসি-কান্না, খুনসুটি যে মানুষকে বেঁচে থাকার তাগিদ এ নাটকের উপজীব্য।

ধারাবাহিক প্রামাণ্যচিত্রের প্রথম নাটক হিসেবে ‘সময়ের প্রয়োজনে’কে বেছে নেয়ার কারণ হিসেবে নির্দেশক শাহ ওয়ালিদ আকরাম বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জহির রায়হানের অসমান্য অবদানই আমাকে অনুপ্রানিত করেছে এ নাটক নিয়ে কাজ করার জন্য।

তিনি আরও বলেন, ২০০৫ সালে নির্মিত এ নাটকে বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবি উত্থাপিত হয়েছে। যা জহির রায়হানের মূল গল্পে ছিল না। আপনারা জানেন যে, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ৭১’র মানবতাবিরোধী অপরাধীদের বিচারকার্য চলছে। আর ঐ অপরাধীদের যথাযথ শাস্তি আমাদের প্রাণের দাবি।

উল্লেখ্য, এর আগে গত ৮ জুলাই মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রামাণ্যচিত্রের শুটিং ধারণ করা হয়েছিল। ঐদিন ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন