সুপ্রিমকোর্টের আদেশ অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার একটি প্রতিবেদন আদালতে জমা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ রিপোর্টের ওপর ভিত্তি করেই সোমবার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগ পল্টন থানায় পুলিশের করা পৃথক তিন মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশের ওপর আদেশ দেবেন।
রোববার বিকালে বিএসএমএমইউ কর্তৃপক্ষ এ প্রতিবেদনটি জমা দেয় বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ।
গত ৯ জুলাই আপিল বিভাগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের পরীক্ষা করে একটি প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে। সে হিসেবে রোববার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ এ প্রতিবেদন জমা দেয়।
উল্লেখ্য, পল্টন থানায় করা পৃথক তিন মামলায় গত ২১ জুন হাইকোর্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। সে আদেশের স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে গেলে, চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
ছয় মাস ধরে কারাবন্দি ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। ফখরুল অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে গত ১৩ জুন তাকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়।
চলতি বছর বিএনপির আন্দোলনের মধ্যে ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে আটক করে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


