বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলকাতায় কংগ্রেস দপ্তরে ১৫ বছর পর আজ ইফতার পার্টি

adhir1307-30কলকাতায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে ১৫ বছর পর আজ মঙ্গলবার ১৪ জুলাই সন্ধ্যায় ইফতার পার্টি হচ্ছে। তবে প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরীর আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না সোমেন মিত্র, মানস ভুঁইঞা, প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নানের মতো কংগ্রেসের কোনও বড় নেতাই। সকলেরই অভিযোগ, তাঁদেরকে দেরিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ অধীর।

ইফতারের আয়োজন করার কথা ছিল প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের৷‌ ইফতারে আসার জন্য অধীর রেজ্জাক মোল্লাকে আমন্ত্রণ জানিয়েছেন৷‌

রাজ্য দপ্তরে ইফতারের অনুষ্ঠান এই প্রথম৷‌ এর আগে মুসলিম ইনস্টিটিউট হলে কংগ্রেসের পক্ষ থেকে কয়েকবারই ইফতারের আয়োজন করা হয়েছিল৷‌ কেন দলীয় অফিসে অধীর ইফতারের আয়োজন করেন, তা নিয়ে বিরোধী নেতারা প্রশ্ন তুলেছেন৷‌ ইফতারে উপস্হিত থাকবেন দীপঙ্কর সাউ, দেবব্রত বসু, কৃষ্ণা দেবনাথ, মনোজ চক্রবর্তী, অমিতাভ চক্রবর্তী-সহ কয়েকজন মুসলিম নেতা৷‌

এদিকে কংগ্রেস রাজ্য সভাপতির ডাকে সাড়া না দিলেও আজই বহিষ্কৃত সিপিএম বিধায়ক আবদুর রেজ্জাক মোল্লার ইফতারের আমন্ত্রণ রক্ষা করতে যাবেন সোমেন মিত্র সহ অনেকেই। ফলে সন্ধেয় বিধান ভবনে স্রেফ অনুগামীদের নিয়েই ইফতার করতে হবে অধীরকে।

শেষবার যিনি প্রদেশ সভাপতি থাকাকালীন বিধান ভবনে ইফতার হয়েছিল সেই সোমেন মিত্রের সঙ্গে অধীর চৌধুরীর বন্ধুত্ব দীর্ঘদিনের। কিন্তু তিনিও আগে কথা দিয়ে দেওয়ায় পার্ক সার্কাস হজ হাউজ়ের সামনের রাস্তায় রেজ্জাক মোল্লার ইফতারে যাবেন বলে জানিয়ে দিয়েছেন। সোমেনের মতোই সভাপতির আমন্ত্রণ দেরিতে আসার কথা উল্লেখ করেছেন বর্তমানে দিল্লিতে থাকা অপর প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্যও।

বিধায়ক মানস ভুঁইঞা নিজের জেলা পশ্চিম মেদিনীপুরেই ১ ইফতার পার্টির আমন্ত্রণ রক্ষা করবেন। দীপা দাসমুন্সি ও আবদুল মান্নানকে দেরিতে জানানোর সৌজন্যটুকুও রক্ষা করা হয়নি বলেও অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন