এই প্রথম নয়। এর আগে বলিউডে কাজ করেছিলেন ব্রেট লি। আশা ভোঁসলের সঙ্গে একটি ভিডিও শুট করেছিলেন। কিন্তু, পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম? না। বলিউডের জন্য কোনও ছবি ব্রেট লি আগে কখনও করেননি। কিন্তু, মাস কয়েক আগে শোনা যাচ্ছিল না উনি একটি বলিউড ছবির শুটিং করছিলেন?
করছিলেনই তো। ছবির নাম “আনইন্ডিয়ান”। রিলিজ় করেছে সেই ছবির ট্রেলার। গল্পটি এক ডিভোর্সি মা আর তার প্রেমিকের। মীরা (তন্নিষ্ঠা) ইন্দো-অস্ট্রেলিয় মহিলা। উইল (ব্রেট লি)-র সঙ্গে তাঁর পরিচয় হয়। কিন্তু, উইল যে “আনইন্ডিয়ান”! এই নিয়েই শুরু হয় ছবি।
ভারত ও অস্ট্রেলিয়ার যৌথ প্রচেষ্টায় ছবিটি তৈরি হচ্ছে। এর আগে ছবির শুটিংয়ের ফোটোগ্রাফ প্রকাশিত হয়েছিল। এবার সামনে এল ট্রেলার।
ট্রেলারে ব্রেট লি-র পারফম্যান্স তাঁর বোলিংয়ের মতোই ফাটাফাটি। তন্নিষ্ঠাও অসাধারণ। এঁরা ছাড়া ছবিতে রয়েছেন সুপ্রিয়া পাঠক, আকাশ খুরানা, গুলশন গ্রোভার। ছবিটি পরিচালনা করেছেন অনুপমা চোপড়া। ১৫ অক্টোবর মুক্তি পাবে “আনইন্ডিয়ান”।
বিনোদন ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


