বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের কেন্দ্রীয় ও আসাম রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। সেই সঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশ রোধে সরকারের গৃহীত নীতিমালাগুলো যথেষ্ট কার্যকর নয় বলে মনে করেন কোর্ট। একই সঙ্গে ভারতে জন্ম নেয়া অবৈধ অভিবাসীদের সন্তানরা দেশটির নাগরিকত্ব পাবে কিনা তা সরকারের কাছে জানতে চেয়েছেন কোর্ট। এ ব্যাপারে বিদ্যমান আইন অনুযায়ী সরকারের অবস্থান পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
সুপ্রিমকোর্টের নিয়োগ করা একজন কমিশনার অ্যাডভোকেট হাজারিকা সম্প্রতি সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ওই কমিশনারের দেয়া প্রতিবেদনের পর বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি রোহিন্টন এফ নারিমানের বেঞ্চ বুধবার বলেন, প্রতিবেদনে সরকারের নেয়া পদক্ষেপে বহু ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। সরকার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ওইসব পদক্ষেপ নিয়েছিল। তাই বিদ্যমান নীতিমালায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব নয় বলে মনে আদালত।
নির্দেশনায় সুপ্রিমকোর্টের বেঞ্চ বলেন, আন্তর্জাতিক সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ হয়নি। অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় সীমান্তের কাছে পর্যাপ্ত সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশ মোতায়েন করা হয়নি। আদালত কেন্দ্রীয় ও আসাম রাজ্য সরকারকে সব সংশোধনী পদক্ষেপ নেয়ার নির্দেশ দিচ্ছে। সীমান্ত সড়ক, সীমান্ত এলাকায় ফ্লাড লাইটের বিদ্যুতায়নের উন্নয়নের জন্য তাদের পদক্ষেপ নেয়া উচিত। জাতির প্রতি তাদের অন্তত এতটুকু দায়িত্ব রয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের সীমান্ত পরিদর্শনে পাঠিয়ে বাস্তব অবস্থা নিরূপণের জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।
অবৈধ অভিবাসীদের ছেলেমেয়েদের নাগরিকত্বের বিষয়ে সুপ্রিমকোর্ট বলেন, নাগরিকত্ব আইনের ৩ অনুচ্ছেদ মোতাবেক অবৈধ অভিবাসীদের সন্তানরা নাগরিকত্ব পাবে বা পেতে পারে কিনা- এ ব্যাপারে ভারত সরকারকে নির্দেশ দেয়া হল। আসাম সরকারও নিজেদের মতামত জানাতে পারবে। কিন্তু আসাম রাজ্য সরকারের প্রতিনিধি বলেন, এটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। আগামী ২১ জুলাই পর্যন্ত জবাব দেয়ার সময় পাচ্ছে ভারত সরকার।- টাইম্স অব ইন্ডিয়া।
নয়া দিল্লি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


