নাশকতার একাধিক মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মুক্তি পেয়েছেন। প্রায় সাত মাস কারাবাসের পর উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পান তিনি।
কারাগারের ডেপুটি জেলার মো. মুশফিকুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গয়েশ্বর চন্দ্র রায়ের জামিনের কাগজ-পত্র কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।
ভাংচুর-মারামারির একাধিক মামলায় গত বছরের ২৬ ডিসেম্বর গ্রেপ্তার হন গয়েশ্বর। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে চলতি বছর ২ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ স্থানান্তর করা হয় তাকে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য মো. শায়রুল কবির খান বলেন, গত ৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উচ্চ আদালত থেকে জামিন পান। পরে তার জামিনের কাগজ-পত্র বৃহস্পতিবার কারাগারে যায়।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ড বিডি ডটকম


