বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতর ব্যাপক ভাঙচুর করেছে।
বৃহস্পতিবার ১৬ জুলাই রাত ৮টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার সিকদার অ্যাপারেলস লিমিটেড নামে পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, সিকদার অ্যাপারেলস পোশাক কারখানায় প্রায় ৬ শতাধিক শ্রমিক কাজ করে। শ্রমিকদের গত জুন মাসের বেতন-ভাতা ও কর্মচারী-কর্মকর্তাদের গত মে-জুন মাসের বেতন-ভাতা বাকি রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার কথা ছিল। কিন্তু শ্রমিক ও কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা না দিয়ে মালিকপক্ষ টালবাহানা শুরু করেন।
পরে রাত ৮টার দিকে বেতন-ভাতা না পাওয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ শুরু করেন। পরে কারখানার ভেতরে বেশ কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করে তারা। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে শ্রমিক ও কর্মচারী-কর্মকর্তাদের শান্তনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রমিকরা অভিযোগ করে জানান, আর দুদিন পর পবিত্র ঈদ। বেতন-ভাতা না পাওয়ায় তারা বাড়ি ফিরে যেতে পারছেননা। দেশের বাড়িতে পরিবারের লোকজন তাদের মুখের দিকে চেয়ে আছেন। শুধু তাই নয় বাড়িওয়ালারা বাড়ি ভাড়ার জন্য যেমন চাপ প্রয়োগ করছেন, তেমনি চাপ প্রয়োগ করছেন মুদিমনোহরী দোকানিরাও। বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা দিশেহারা হয়ে উঠেছেন।
বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করা হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করারও হুমকি দেন উত্তেজিত শ্রমিকরা।
কারখানার জিএম জাফর উল্লাহ বলেন, মালিক যদি বেতন-ভাতা পরিশোধ না করে তাহলে আমি কি করবো। এছাড়া আমি নিজেও বেতন-ভাতা পাইনি। মালিক লিটন সিকদারের সঙ্গে কথা বলে বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করার চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি দাওয়া আদায়ের চেষ্টা করা হচ্ছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ড বিডি ডটকম


