বাংলাদেশের সীমানায় উদ্ধার হওয়া মিয়ানমার সেনাবাহিনীর ২ সদস্যকে শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে। খবরটি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম।
লে. কর্নেল রবিউল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠকে আহ্বান করা হয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলাপ-আলোচনা করে পতাকা বৈঠকের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এ বৈঠক হবে। বৈঠকে মিয়ানমার সেনাবাহিনীর ২ সদস্যকে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
১৪ জুলাই বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মিয়ানমার সেনাবাহিনীর অপহৃত এ ২ সদস্যকে উদ্ধার করে বিজিবি সদস্যরা। মিয়ানমারের বিচ্ছিন্নবাদী একটি সংগঠন এ ২ জনকে অপহরণ করেছিল।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ড বিডি ডটকম


