নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আশরাফুল আংটি বদল করেছেন। পাত্রীর নাম অনিকা তাসলিমা অর্চি। অনেকটা গোপনেই পারিবারিক আয়োজনে হয়েছে কাবিন সাক্ষর। চলতি বছর ডিসেম্বরে বউ ঘরে তুলবেন। বুধবার ১৫ জুলাই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে আংটি বদল অনুষ্ঠানটি। বিয়ের আনুষ্ঠানিকতা হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।
অনিকা তাসলিমা অর্চির বাবা পেশায় একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তবে ঢাকার এ্যালিফেন্ট রোডে বসবাস করেন তারা। দুই ভাইবোনের মধ্যে অর্চি বড়।
আশরাফুল বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে নিজের বিয়ে সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়নের রেকর্ডধারী আশরাফুল।
আশরাফুল বলেছেন, ‘বিয়ের সব প্রস্তুতিই গুছিয়ে রাখা হয়েছে। পাত্রীও ঠিকঠাক। চলতি বছর ডিসেম্বরে বিয়ে করছি আমি। সম্ভাব্য তারিখ, ১১ ডিসেম্বর। আর বৌ-ভাত অনুষ্ঠানটি হবে পর দিন।’ তবে বিবাহ অনুষ্ঠানটির জন্য কমিউনিটি সেন্টারের বুকিং এখনও নিশ্চিত হয়নি বলে বিয়ের তারিখে খানিকটা পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
পাত্রী অর্চি সম্পর্কে আশরাফুল জানিয়েছেন, ‘পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন করা হয়েছে। আমার হবু স্ত্রী বর্তমানে পড়ালেখা করছে।’
আগামী ৬ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন আশরাফুল। দাম্পত্য জীবনে প্রবেশের আগে ভক্তদের দোয়া চেয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের অভিষেক হয়েছিল ২০০১ সালে। বাংলাদেশের হয়ে মোট ৬১ টেস্ট ও ১৭৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে তার সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে, ওয়ানডে ম্যাচে তাঁর মোট রান ৩৪৬৮। এর মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরি। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন অব্দি বাংলাদেশ যে একটি ম্যাচ জিতেছে তাতে মূল অবদান আশরাফুলের। ২০০৫ সালে কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজের ওই ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন আশরাফুল।
বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপার স্টার তিনি। বিশ্ব ক্রিকেটে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ডটি এখনো অক্ষুন্ন। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’র ফিক্সিং কেলেংকারিতে ফেঁসে গিয়ে ক্যারিয়ারই যখন হুমকির মুখে পড়ে। যদিও শাস্তির মেয়াদ শেষে তার আবারো জাতীয় ক্রিকেটে ফেরার আশা রয়েছে।
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


