আজ চাঁদ দেখা গেলে কাল শনিবার সারাদেশে ঈদুল ফিতর। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সৌদি আরব, ইরাক, ইরান, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যজুড়ে আজ শুক্রবার ঈদ পালিত হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আমাদের একদিন আগে রোজা শুরু হয়েছিল। সে হিসাবে আজ শুক্রবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। সভায় ১৪৩৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর পালনের তারিখ নির্ধারণ করা হবে। এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হয়।
শুক্রবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন শনিবার ঈদুল ফিতর পালিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে শনিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ পালিত হবে আগামী রোববার (১৯ জুলাই)।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ও ফ্যাক্স- ৯৫৬৩৩৯৭ নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


