মিয়ানমারের জঙ্গি সংগঠন আরাকান আর্মির হাতে অপহরণের পর বাংলাদেশে উদ্ধারকৃত মিয়ানমার দুই সেনা সদস্যকে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার ১৭ জুলাই বেলা পৌনে ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে কক্সবাজারের ঘুনদুম সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) কাছে দুই সেনা সদস্যকে হস্তান্তর করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
হস্তান্তরকৃত মায়ানমারের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য হলেন- ডেপুটি সার্জেন্ট নাইং টুন ও সৈনিক খিন লিট।
বিজিবি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, আরাকান আর্মি অপহরণ করেছিল মায়ানমারের ওই দুই সেনা সদস্যকে। পরে দেশটির অনুরোধে অভিযান চালিয়ে বাংলাদেশের সীমানায় তাদের উদ্ধার করে বিজিবি। হস্তান্তরের পর বিজিবি’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে মায়ানমার কর্তৃপক্ষ।
বিজিবি সূত্র জানায়, গত জুন মাসের প্রথম দিকে বান্দরবানের থানছি উপজেলার বড় মদকের মায়ানমার সীমান্তের কাছে সেদেশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে অপহরণ করে নিয়ে যায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। পরে অপহৃতদের বান্দরবানের থানছি উপজেলার সাঙ্গু রিজার্ভ ফরেস্টের গভীরে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিজিবিকে জানিয়ে তাদের উদ্ধারের আহবান জানায় মায়ানমার।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


