বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাতীয় ঈদগাহে সিসি ক্যামেরা-সোয়াট টিম

1412495456প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় ঈদগাহ ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঈদুল ফিতরের দিন মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে গোটা জাতীয় ঈদগাহে ক্লোজ সার্কিড (সিসি) ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে। নিয়মিত পুলিশের পাশাপাশি থাকবে সোয়াট টিম। এছাড়া পুরো এলাকা জুড়ে সাদা পোশাকে পুলিশ সদস্যরা টহল দেবে।

শুক্রবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের একথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদগাহের প্রতিটি অংশে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনিটরের সামনে বসে ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করবেন। কাউকে সন্দেহ হলে দ্রুত তল্লাশি করে ব্যবস্থা নেওয়া হবে।’

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কমিশনার বলেন, ‘পুরুষ ও মহিলাদের মাঠে এন্ট্রি পয়েন্টে মেটাল ডিটেক্টর গেট স্থাপন করবে পুলিশ। পুলিশের সোয়াট টিমের সদস্যরা মাঠজুড়ে অবস্থান করবে। এছাড়া এলাকা জুড়ে সাদা পোশাকে পুলিশ সদস্যরা টহল দেবে’।

ঈদগাহে জামাত উপলক্ষে মৎস্য ভবন, সরকারি কর্মচারী হাসপাতাল, পল্টন মোড় ও দোয়েল চত্বর এলাকায় বেরিক্যাড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘ঈদে ফাঁকা রাজধানীর বসতবাড়ি, বিপণী বিতান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাভিত্তিক কমিউনিটি পুলিশ কাজ করবে।’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন