দীর্ঘদিন পর পারিবারিক আবহে ঈদ করলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন পুতুল, জামাই খন্দকার মাশরুর হোসেন মিতু এবং তাদের তিন কন্যা ও এক পুত্র ঈদ করতে ঢাকায় আসেন। শনিবার ১৮ জুলাই ঈদের দিন সকালে তারা গণভবনে সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার ঢাকায় এসে পৌঁছান প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, তাঁর স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার এবং তাঁদের একমাত্র কন্যা সোফিয়া।
অন্যদিকে বঙ্গবন্ধুর ছোট মেয়ে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও তাঁর ছেলে ববিও ঢাকাতেই আছেন। ববি দম্পতির একমাত্র সন্তানও এবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ করেন বলে সূত্র জানিয়েছে।
শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হয়েছেন। টিউলিপ এবার বাঙালি কমিউনিটির সঙ্গে ঈদ উদযাপন করেন। আর তার সঙ্গে ছিলেন শেখ রেহানার ছোট মেয়ে রূপন্তি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


