অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর ঝুলন্ত মরদেহ ঢাকার মিরপুরের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মিরপুরের ১০ নম্বর সেকশনের ডি ব্লকের একটি বাসা থেকে রবিবার দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়। তারা হলেন— স্বামী মো. ফরহাদ (২৫) ও স্ত্রীর রূপালি (২০)।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মানিক বলেন, মিরপুর-১০ এর ৫ নম্বর রোডের ১ নম্বর লেনের একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মোহাম্মদ মানিক আরও বলেন, অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামী ঈদের দিন বিকেলে বাইরে ঘোরাফেরা করেন। রাতে বাসায় এসে খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। সকালে রূপালিকে ঘরের ভেতর দরজা লক করা অবস্থায় দেখে স্বামী ফরহাদ ডাকাডাকি করেন। কিন্তু রূপালির সাড়া না পেয়ে বাড়ির মালিকের কাছ থেকে চাবি এনে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বামী ফোন করে রূপালির ভাইকে বলেন, ‘তোমার বোন আত্মহত্যা করেছে। তোমরা এসে ওকে নিয়ে যাও। আমার আর বেঁচে থেকে লাভ কি— এই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে ফরহাদও একই ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। সাত মাস আগে তাদের বিয়ে হয় বলেও জানান এসআই মানিক।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।
লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


