বুধবার ৪ নভেম্বর ২০২৬

জঙ্গি আইএস সন্দেহে সৌদি আরবে আটক ৪৩১

Saudi-arabia-special-forcesমৌলবাদী জঙ্গি আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে জড়িত সন্দেহে সৌদি আরবে ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিগত কয়েক সপ্তাহে তাদের গ্রেফতার করা হয়েছে বলে গত শনিবার জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কাতিফ শহরে গত মে মাসে আইএসের হামলায় ২১ জন নিহতসহ বেশ কয়েকটি হামলার ঘটনায় জড়িত সন্দেহে ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতার সন্দেহভাজনদের বেশিরভাগই সৌদির নাগরিক। এ ছাড়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকও রয়েছে।

দেশটির প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এ পর্যন্ত ছয়টি আত্মঘাতী হামলার চেষ্টা নস্যাৎ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বাসাম আতিয়াহ জানান, গ্রেফতারদের মধ্যে ‘ক্লাস্টার সেল’ (গুচ্ছ দল) এর অনেক সদস্য রয়েছে যারা আলাদাভাবে হামলা চালাতে সক্ষম। তারা সদস্য সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আসছিল।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ-সংঘর্ষের রেশ ধরে সৌদিতে হামলার ঘটনা বেড়ে গেছে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন