বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে কুয়াকাটা যাওয়ার পথে পটুয়াখালীতে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরীতে একটি প্রাইভেটকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের গাড়িতে থাকা লাগেজ থেকে ৪৫টি ইয়াবা বড়ি ও একটি মদ সদৃশ একটি বোতল উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া অন্য পাঁচজন হলেন সালাহউদ্দিন, রফিকুল ইসলাম, সৈয়দ জসীম উদ্দিন, সাইফুল ইসলাম ও গাড়িচালক অসীম হালদার। পুলিশের দাবি, তারা রাজীবের সহযোগী।
গ্রেপ্তার হওয়া ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালীর দুমকি থানায় মামলা হয়েছে। দুমকি থানার পুলিশ জানায়, রবিবার রাত ১১টার দিকে দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে ওই ছয়জনকে তারা আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের দাবি, রাজীব তার পাঁচ সহযোগীকে নিয়ে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-২১-৫৩৮৮) করে বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে বরিশাল হয়ে কুয়াকাটা যাচ্ছিলেন। পথে লেবুখালী ফেরিঘাটে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিষয়ে রাত দুইটার দিকে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। এ সময় তিনি বলেন, ‘ছাত্রদল সভাপতি ঢাকায় নিয়মিত মামলার আসামি। এখানে (পটুয়াখালী) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সহযোগীসহ তার বিরুদ্ধে মামলা হবে।’
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, ছাত্রদল সভাপতি যে গাড়িতে ছিলেন, তাতে থাকা একাধিক লাগেজ তল্লাশি করে ৪৫টি ইয়াবা ট্যাবলেট ও এক বোতল মদ পাওয়া গেছে।
অবশ্য ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার বলছেন, বরিশালের মেহেদীগঞ্জে গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করে পটুয়াখালীতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন রাজীব। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, ‘একাধিক মামলার আসামি’ রাজীব মাদকসহ কুয়াকাটা যাচ্ছে খবর পেয়ে দুমকি থানার ওসি আজম খান ফারুকীর নেতৃত্বে পুলিশের একটি দল লেবুখালী ফেরীঘাটে এই অভিযান চালায়।
রাজীবের বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা থাকার কথা বললেও সুনির্দিষ্ট কোনো মামলার বিষয়ে জানাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার।
অন্যদের মধ্যে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান, দুমকি থানার ওসি আজম খান ফারুকী সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


