বুধবার ৪ নভেম্বর ২০২৬

যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে : সৈয়দ আশরাফ

ashraf noya ministerপ্রশাসনে দলীয়করণে আমরা বিশ্বাস করি না। হবেও না। যে যেমন যোগ্য, তাকে সেভাবে মূল্যায়ন করা হবে। এমনটাই বলেছেন, জনপ্রশাসনের নয়া মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

২০ জুলাই সোমবার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন মন্ত্রী। সচিবালয়ের এক নম্বর ভবনের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য এলজিআরডি মন্ত্রিত্ব থেকে অব্যাহতি পাওয়া সৈয়দ আশরাফ। কিন্তু শুক্রবার থেকে রোববার পর্যন্ত ঈদের ছুটি থাকায় আজ সোমবার অফিস করলেন তিনি।

সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে জন প্রশাসনমন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ে তিনি প্রথমবারের মতো দায়িত্ব পালন করছেন। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এরও আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। জন প্রশাসন মন্ত্রণালয় একটি নতুন জায়গা। এখানে তিনি কাজের মাধ্যমে শিখবেন, অভিজ্ঞতা অর্জন করবেন এবং সেভাবে সামনের দিকে এগোবেন।

এর আগে বেলা আড়াইটায় মন্ত্রণালয়ে যান আশরাফ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নয়া মন্ত্রীকে স্বাগত জানান প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। এরপর তিনি সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, ৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আশরাফকে অব্যাহতি দিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

আরও পড়ুন