প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী মধ্যম আয়ের দেশ গড়তে বিদ্যমান শ্রম বাজারসমূহে বৈধ পথে ও হয়রানিমুক্তভাবে কর্মী নিয়োগ করা হবে। নতুন বাজার সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
রোববার চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময়ে মন্ত্রী ভাষা শহিদ ও মহান মুক্তিযুুদ্ধে নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন।
নুরুল ইসলাম বিএসসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন তা আমি সুচারু ও আন্তরিকতার সাথে সম্পন্ন করবো। একই সাথে চট্টগ্রামবাসীর সহযোগিতায় এ অঞ্চলের সার্বিক উন্নয়ন সাধন ও সমস্যা নিরসনে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন তিনি।
এসময় মহানগর আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মিয়া, এডভোকেট ইফতেখার সাইমুন চৌধুরী, আবদুল হান্নান, মাহবুব মিন্টু, জামশেদুল আলমসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


