‘বিএনপিকে শেষ করতে সরকার নানা ষড়যন্ত্র করছে’ খালেদা জিয়ার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পাল্টা প্রশ্ন রেখে বলেছেন, সরকার কেন বিএনপিকে ভাঙতে যাবে? আপনি (খালেদা জিয়া) বলেছেন, বিএনপি জনপ্রিয় দল। আপনার দল যদি এতই জনপ্রিয় হয়, তাহলে আপনার দল ভাঙবে কেন?
২০ জুলাই সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রিসভায় পরিবর্তনের বিষয়ে নাসিম বলেন, মন্ত্রিসভার রদবদলের বিষয়ে একমাত্র ক্ষমতা প্রধানমন্ত্রীর। তিনি ঠিক করবেন মন্ত্রিসভার রদবদল হবে কি না বা কখন হবে।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটিতে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন। কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখার সময় বিভিন্ন রোগীর আত্মীয়-স্বজনদের সঙ্গেও কথা বলেন তিনি।


