‘বিএনপিকে শেষ করতে সরকার নানা ষড়যন্ত্র করছে’ খালেদা জিয়ার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি যদি কখনও ভাঙে বা ভাঙনের সুর বাজে, সেটির জন্য দলের নেতাদের অন্তর্কলহই দায়ী।
শনিবার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, বাংলাদেশে এখনও সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। সেজন্য একে শেষ করতে তারা (সরকার) উঠে পড়ে লেগেছে।
ফেনীতে একটি প্রকল্প উদ্বোধন করতে যাওয়া সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে। বিএনপির সরকারের জন্য এ মুহূর্তে কোনো অস্বস্তির কারণ নয়।
মন্ত্রিসভায় রদবদল বিষয়ে আর কোনো পরিবর্তনের আভাস তিনি পাননি বলে জানান ওবায়দুল কাদের।
ফেনীর লালপোলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুট ওভারব্রিজ উদ্বোধন করেন মন্ত্রী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইন প্রকল্পের আওতায় ৩৩টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। লালপোলেরটি খুলে দেয়ার মধ্য দিয়ে এর যাত্রা শুরু হল।


