চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারখালি গ্রামে ১৭ বছরের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে হাত বেঁধে ধর্ষণের সময় হাতেনাতে ধরা পড়েছে এক মাদ্রাসাছাত্র (১৮)।
রোববার সন্ধ্যায় এ ঘটনার পর মেয়েটি এখন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রয়েছে।
তার বাবা জানান, মেয়েকে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে তিনি ও তার স্ত্রী বিয়ের অনুষ্ঠানে গেলে এই ঘটনা ঘটে। তিনি বলেন, তার স্ত্রী হঠাৎ খোঁজ নিতে বাড়িতে গিয়ে দেখতে পান মেয়ের হাত বেঁধে এক যুবক তাকে ধর্ষণ করছে। এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে যুবকটি দৌড়ে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন ধাওয়া করে তাকে ধরে ফেলে।
মেয়েটির বাবা আরো জানান, ছোটবেলায় ডায়াবেটিক রোগে ভুগে তার মেয়ের হাত বা পা কিছুটা বেঁকে গেছে। এছাড়া, সে ঠিকমত কথা বলতে পারেনা।
স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুল হামিদ বলেন, মাদ্রাসাছাত্র তাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।


