ময়মনসিংহ জেলার ত্রিশালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অারো দুইজন। ঘটনাটি ঘটেছে ২০ জুলাই সোমবার বিকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশালের বাগান এলাকায়।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
নিহতরা হলেন- আজিজুল ইসলাম (৪০ ) তার মেয়ে লিপি আক্তার (৮) এবং তাদের গৃহকর্মী ঝুমা (১৬)। নিহত আজিজুল একটি ওষুধ কোম্পানির বিপণন ব্যবস্থাপক।
আহতরা হলেন- নিহত আজিজুল ইসলামের স্ত্রী শিল্পী আক্তার ও তাদের গাড়ি চালক।
ওসি জানান, বিকাল ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা বাসের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে আজিজ নিহত হন।
স্থানীয়রা আহত অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা লিপি ও গৃহকর্মী ঝুমাকে মৃত ঘোষণা করে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান তিনি।


